ঢাকা বিশ্ববিদ্যালয়ে পার্বত্য চট্টগ্রামের আদিবাসীদের প্রধান সামাজিক উৎসব ‘বিঝু-বিষু-বিহু-বৈসুক-সাংগ্রাই-সাংগ্রাইং-থাংগ্রেন-সাংক্রান-চাংক্রান-পাতা’ পালিত হয়েছে।
রবিবার (১২ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে এ উপলক্ষে আলোচনা সভা, বর্ণাঢ্য শোভাযাত্রা ও পুকুরে ফুল ভাসানোসহ নানা কর্মসূচির আয়োজন করা হয়।
‘ঢাকা বিশ্ববিদ্যালয় জুম সাহিত্য ও সাংস্কৃতিক সংসদের’ উদ্যোগে আয়োজিত কর্মসূচির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা। অনুষ্ঠানে জগন্নাথ হলের প্রাধ্যক্ষ দেবাশীষ পালসহ সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
সংগঠনটির সহসভাপতি শান্তিময় চাকমা জানান, সকালে পুকুরে ফুল ভাসানোর মধ্য দিয়ে উৎসবের সূচনা হয়। পরে আলোচনা সভা শেষে পার্বত্য চট্টগ্রামের পাহাড়ি জনগোষ্ঠীর ঐতিহ্যবাহী ‘পাজন’ খাওয়ার মাধ্যমে আয়োজন শেষ করা হয়।
তিনি জানান, উৎসবে চাকমা, মারমা, ত্রিপুরা, বম, খিয়াং ও ম্রোসহ বিভিন্ন সম্প্রদায়ের সদস্যরা অংশ নেন। এই আয়োজনকে ঘিরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে উৎসবমুখর ও সম্প্রীতির পরিবেশ সৃষ্টি হয়।