ঢাবির ৫ সহকারী প্রক্টরের পদত্যাগ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) পাঁচজন সহকারী প্রক্টর পদত্যাগ করেছেন। পদত্যাগের কারণ নিয়ে তাদের একজন নাম প্রকাশ না করার শর্তে বলেছেন, প্রশাসনের পক্ষ থেকে পদ ছাড়ার অনুরোধ করা হয়েছে। 

পদত্যাগ করা পাঁচ সহকারী প্রক্টর হলেন সমাজবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মুহাম্মদ মাহবুব কায়সার, আরবি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মুহাম্মদ রফিকুল ইসলাম, প্রাণিবিদ্যা বিভাগের প্রভাষক আতিয়া সানজিদা শর্মী, শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক শারমীন কবীর এবং ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (এমআইএস) বিভাগের সহকারী অধ্যাপক জাহাঙ্গীর আলম।

তাদের মধ্যে বুধবার (১২ নভেম্বর) দুজন এবং আজ বৃহস্পতিবার তিনজন পদত্যাগপত্র জমা দেন। গতকাল পদত্যাগপত্র জমা দেন মুহাম্মদ মাহবুব কায়সার ও ড. মুহাম্মদ রফিকুল ইসলাম। আজ জমা দিয়েছেন আতিয়া সানজিদা শর্মী, শারমীন কবীর ও জাহাঙ্গীর আলম।

বৃহস্পতিবার (১১ নভেম্বর) বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মো. ইসরাফিল রতন। তিনি জানান, পাঁচ জনের পদত্যাগপত্রই তার কাছে জমা হয়েছে।

পদত্যাগের কারণ সম্পর্কে জানতে চাইলে পদত্যাগ করা এক সহকারী প্রক্টর নাম প্রকাশ না করার শর্তে বলেন, গতকাল মাগরিবের পর প্রক্টর তাকে ফোন করেছিলেন। এ সময় ওপরের দিক থেকে চাপ ও পারিপার্শ্বিক পরিস্থিতির কথা জানিয়ে তাদের পদত্যাগের অনুরোধ করা হয় বলে তিনি অভিযোগ করেন।

তবে সহকারী প্রক্টরদের পদত্যাগে কোনও ধরনের চাপ প্রয়োগ করা হয়েছে কি না, জানতে চাইলে প্রক্টর অধ্যাপক ইসরাফিল রতন বলেন, ‘আমার পক্ষ থেকে কোনও ধরনের চাপ আমি অনুভব করিনি। তাদের ওপর কোনও চাপ দেওয়া হয়েছে কি না, সেটি তারাই বলতে পারবেন। আমি এমনটা মনে করিনি।’

তিনি আরও বলেন, ‘আমার পক্ষ থেকে কারও প্রতি বিদ্বেষ বা বিদ্বেষমূলক কোনও আচরণ আজ পর্যন্ত করিনি। মানুষ হিসেবে সবাইকে সমানভাবে দেখার চেষ্টা করি।’

পদত্যাগের পেছনে রাজনৈতিক কারণ খোঁজার বিষয়ে প্রক্টর বলেন, ‘সবকিছুতেই রাজনীতি খোঁজার কোনও প্রয়োজন নেই। বিভিন্ন কারণে কারও মধ্যে অভিমান বা দূরত্ব তৈরি হতে পারে। তবে সবকিছুকে রাজনৈতিকভাবে দেখার বিষয়টি ঠিক নয়।’

এদিকে, পদত্যাগের কারণ সম্পর্কে জানতে চাইলে বৃহস্পতিবার বিকালে বাংলা ট্রিবিউনকে উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম বলেন, ‘পদত্যাগপত্রে ব্যক্তিগত কারণ উল্লেখ করেছেন, এটা আমি জানি। এ ছাড়া আমার কাছে আর কোনও কারণ জানা নেই। আমি এখন পর্যন্ত একটি পদত্যাগপত্র পেয়েছি, সেটি রেজিস্ট্রারের কাছে পাঠিয়েছি।’

পদত্যাগের নেপথ্যে ওপর মহলের কোনও চাপ রয়েছে কি না জানতে চাইলে উপাচার্য বলেন, ‘ওপর মহলের চাপ থাকার কোনও তথ্য আমার জানা নেই।’