অটিস্টিক শিশুদের প্রশিক্ষণের মাধ্যমে স্বাভাবিক জীবনযাপনের উপযোগী করে গড়ে তুলতে সরকার অটিস্টিক একাডেমি স্থাপনের পদক্ষেপ নিয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন। তিনি জানান মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের আওতায় অটিস্টিক শিশুদের জন্য এই একাডেমি স্থাপন প্রকল্প বাস্তবায়নে ঢাকার পূর্বাচলে ৮নং সেক্টরে ৩ দশমিক ৩ একর জমি অধিগ্রহণ করা হচ্ছে।
জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে সরকারি দলের সদস্য এস এম শাহজাহান কামালের এক প্রশ্নের জবাবে বুধবার প্রধানমন্ত্রী এই তথ্য জানান।
প্রধানমন্ত্রী বলেন, এই একাডেমিতে অটিস্টিক ছেলে-মেয়েদের জন্য আলাদাভাবে দুটি হোস্টেল নির্মাণ করা হবে। যেখানে প্রতিটিতে ১শ’জন অটিস্টিক শিশুর আবাসনের ব্যবস্থা থাকবে। এছাড়া একাডেমিতে বিভিন্ন থেরাপির মাধ্যমে অটিজম ও এনডিডি শিশুদের স্বাভাবিক জীবনযাপনে অভ্যস্ত করার প্রচেষ্টা থাকবে। তাদের উপযোগী খেলাধুলা এবং প্রশিক্ষণের ব্যবস্থাও রাখা হবে।
তিনি বলেন, বর্তমান সরকার প্রতিবন্ধী জনগোষ্ঠীকে সমাজের মূল স্রোতধারায় সম্পৃক্ত করতে প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা আইন- ২০১৩, প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা আইনের বিধিমালা- ২০১৫, নিউরো-ডেভেলপমেন্টাল প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্ট আইন- ২০১৩, নিউরো-ডেভেলপমেন্টাল প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্ট বিধিমালা- ২০১৫ প্রণয়ন করে পরিকল্পনা অনুযায়ী কাজ শুরু করেছে।
শেখ হাসিনা বলেন, বাংলাদেশের অটিস্টিক শিশুদের মূল ধারার শিক্ষার সঙ্গে সম্পৃক্ত করার লক্ষ্যে এ বছরের মধ্যে ৩ হাজার ১শ’ জন শিক্ষককে প্রশিক্ষণ দেওয়ার কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। ইতোমধ্যে এ প্রকল্পের মাধ্যমে স্কুল, কলেজ, মাদ্রাসা পর্যায়ের দুই হাজার শিক্ষককে তিন দিনের অভ্যন্তরীণ প্রশিক্ষণ দেওয়াসহ ১৪৩ উপজেলায় একটি করে ওয়ার্কশপের আয়োজন করা হয়েছে।
প্রধানমন্ত্রী বলেন, প্রতিবন্ধী ব্যক্তিদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন থেকে ২০১৪-১৫ অর্থবছরে বেসরকারি সংস্থার মাধ্যমে দুই কোটি ৩০ লাখ টাকা অনুদান দেওয়া হয়েছে। প্রতিবন্ধিতা বিষয়ে প্রশিক্ষণে ফাউন্ডেশনের অধীন জাতীয় বিশেষ শিক্ষা কেন্দ্রের ব্যাচেলর অব স্পেশাল এডুকেশন কোর্স চালু রয়েছে। সূত্র: বাসস।
আরও পড়ুন-
গণপরিবহনের ভাড়া কমাতে সরকারের নির্দেশনা নেই
এক ‘বাবার চিঠি’ পেয়ে পর্নো সাইট বন্ধের উদ্যোগ
/এফএস/