বাংলাদেশ ও কুয়েতের মধ্যে সামরিক-বিনিয়োগ চুক্তি হচ্ছে

বাংলাদেশ কুয়েত ফ্ল্যাগ পিনবাংলাদেশ ও কুয়েতের মধ্যে সামরিক সহযোগিতা ও বিনিয়োগ বাড়াতে চুক্তি হতে যাচ্ছে। কুয়েতের প্রধানমন্ত্রীর বাংলাদেশ সফরে এসব চুক্তি সই হবে।
জানা গেছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণে মঙ্গলবার বিকেলে তিন দিনের সফরে আসছেন কুয়েতের প্রধানমন্ত্রী শেখ জাবের আল-মুবারক আল-হামাদ আল-সাবাহ।
সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দু’দেশের প্রধানমন্ত্রীর বৈঠক শেষে বিনিয়োগ বৃদ্ধি ও সুরক্ষা, সামরিক সহযোগিতা এবং কূটনৈতিক ও অফিসিয়াল পাসপোর্টধারীদের ভিসা সহজ করার বিষয়ে তিনটি চুক্তি সই হবে। সোমবার বাংলাদেশ-কুয়েত বিনিয়োগ চুক্তির খসড়ায় মন্ত্রিসভা অনুমোদন দিয়েছে।
এছাড়া রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন কুয়েতের প্রধানমন্ত্রী।
তিন দিনের সফরে কুয়েতের প্রধানমন্ত্রীর অন্যান্য কর্মসূচির মধ্যে আছে- সাভারে জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন, ধানমণ্ডির ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘর পরিদর্শন এবং জাতীয় সংসদের চলতি অধিবেশনের কার্যক্রম পরিদর্শন।
কুয়েতের প্রধানমন্ত্রীর সঙ্গে থাকবেন দেশটির প্রথম উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ সাবাহ খালেদ আল-হামাদ আল-সাবাহ, অর্থ ও তেলমন্ত্রী আনাস খালেদ আল-সাবাহ, শিক্ষামন্ত্রী ড. বদর হামাদ আল-ইসাসহ বিভিন্ন মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মকর্তারা।

তাছাড়া কুয়েত চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডস্ট্রিজের উচ্চ ক্ষমতাসম্পন্ন একটি ব্যবসায়ী প্রতিনিধি দলও কুয়েতের প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশ সফর করবে। কুয়েতের ব্যবসায়ী প্রতিনিধিরা এফবিসিসিআই নেতাদের সঙ্গে মত বিনিময় করবেন।

তিন দিনের সফর শেষে কুয়েতের প্রধানমন্ত্রী আগামী ৫ মে বিকেলে ঢাকা ত্যাগ করবেন।

আরও পড়ুন: বাংলাদেশ-কুয়েত বিনিয়োগ চুক্তির খসড়ায় মন্ত্রিসভার অনুমোদন

এসএসজেড/এজে