বাংলাদেশে আসছে আন্তর্জাতিক ভ্রমণ তরী ‘সিলভার সি ক্রুজ’

সিলভার সি ক্রুজপর্যটন বর্ষ উপলক্ষে ২০১৭ সালের ফেব্রুয়ারিতে আন্তর্জাতিক ভ্রমণ তরী (ক্রুজ শিপ) ‘সিলভার সি ক্রুজ’ প্রথমবারের মতো বাংলাদেশে আসছে। এতে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নভুক্ত বিভিন্ন দেশের মোট ১০০ জন অতিথি থাকবেন।
সোমবার দুপুরে সচিবালয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেননের সভাপতিত্বে এক বৈঠকে বিষয়টি জানানো হয়।
বৈঠকে রাশেদ খান মেনন বলেন, ‘পর্যটন বর্ষ-২০১৬ উপলক্ষে ভিজিট বাংলাদেশ প্রোগ্রামকে সফল করতে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর সঙ্গে সমুদ্র ও নৌ যোগাযোগের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এটি বাংলাদেশে আসতে পর্যটকদের উৎসাহিত করবে।’
বৈঠকে ক্রুজ শিপটি বাংলাদেশের অভ্যন্তরীণ জলসীমায় প্রবেশ এবং বহির্গমনের ক্ষেত্রে পর্যটকদের অন এরাইভাল ভিসা, অন বোর্ড ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস কার্যক্রম সম্পাদন বিষয় নিয়ে আলোচনা হয়। এসময় এ উদ্যোগকে সফল করতে সরকারি ও বেসরকারি স্টেক হোল্ডারদের নিয়ে একটি টাস্ক ফোর্স গঠনের সিদ্ধান্ত হয়।
জাহাজটি ২০১৭ সালের ১১ ফেব্রুয়ারি শ্রীলঙ্কার কলম্বো থেকে রওনা হয়ে ২১ ফেব্রুয়ারি আন্দামান হয়ে চট্টগ্রাম দিয়ে বাংলাদেশের জলসীমায় প্রবেশ করবে এবং কয়েকটি পর্যটক আকর্ষণীয় স্থান চট্টগ্রাম, রাঙামাটি পার্বত্য জেলা, মহেশখালী ও সুন্দরবন ভ্রমণ করবে। পরে ২৫ ফেব্রুয়ারি কলকাতার উদ্দেশে রওনা হবে।

জানা গেছে, একইভাবে অপর একটি গ্রুপ নিয়ে ২৭ ফেব্রুয়ারি কলকাতা থেকে ঢাকার উদ্দেশে রওনা হয়ে ১ মার্চ সুন্দরবন দিয়ে বাংলাদেশের জলসীমায় প্রবেশ করবে। বাংলাদেশের বিভিন্ন আকর্ষণীয় স্থান ভ্রমণ শেষে জাহাজটি ৫ মার্চ চট্টগ্রাম থেকে ফুকেটের উদ্দেশে রওনা হবে। ট্যুর অপারেটর প্রতিষ্ঠান জার্নি প্লাসের সহায়তায় এ কার্যক্রম বাস্তবায়িত হচ্ছে।

বৈঠকে মন্ত্রণালয়ের সচিব এসএম গোলাম ফারুক, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল খালেদ ইকবাল, মংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল রিয়াজউদ্দীন আহমেদ, মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রফিকুজ্জামান, স্বপন কুমার সরকার, বিটিবি’র সিইও আখতারুজজামান খান কবির, নৌপরিবহন অধিদফতরের মহাপরিচালক কমডোর এম জাকিউর রহমান ভূঁইয়াসহ বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

/সিএ/এনএস/এএইচ/

আরও খবর পড়ুন-

ফেনী-প্রেসক্লাবফেনী প্রেসক্লাব সভাপতিকে কুপিয়েছে দুর্বৃত্তরা