মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের মামলায় কিশোরগঞ্জের অ্যাডভোকেট শামসুদ্দিন আহমেদসহ পাঁচজনের বিরুদ্ধে রায় পড়া শুরু করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সকাল ১০টা ৫০ মিনিটে রায় পড়া শুরু হয়।
৩৩০ পৃষ্ঠার মূল রায়ের সার সংক্ষেপ পড়ে শোনাবেন বিচারপতিরা। প্রথমে রায় পড়ছেন বিচারপতি মো.সোহরাওয়ার্দী। এরপর রায় পড়বেন বিচারপতি মো.শাহীনুর ইসলাম। এরপর চূড়ান্ত অংশ পড়বেন চেয়ারম্যান বিচারপতি মো. আনোয়ারুল হক।
কিশোরগঞ্জের অ্যাডভোকেট শামসুদ্দিন আহমেদ ছাড়া বাকি চারজন পলাতক রয়েছেন।
মানবতাবিরোধী অপরাধ মামলার আসামি অ্যাডভোকেট শামসুদ্দিনকে ২০১৪ সালের ২৭ নভেম্বর রাত সাড়ে ৮ টার দিকে ময়মনসিংহের নান্দাইল থেকে গ্রেফতার করে পুলিশ। মুক্তিযুদ্ধের সময় কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার আয়লা গ্রামের মিয়া হোসেন হত্যাকাণ্ডের ঘটনায় তার ছেলে গোলাপ মিয়া বাদী হয়ে ২০১০ সালের ২ মে মামলাটি দায়ের করেন।
আসামিদের বিরুদ্ধে একাত্তরে হত্যা, গণহত্যা, আটক, লুণ্ঠন, নির্যাতনের মতো সাতটি মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়। অভিযোগ অনুযায়ী, তারা একাত্তরের মুক্তিযুদ্ধকালে কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ থানার বিদ্যানগর, আয়লা, ফতেরগুপ বিল, পীরাতন বিল ও আশেপাশের বিস্তীর্ণ অঞ্চলে মানবতাবিরোধী অপরাধ সংঘটিত করেন। তাদের বিরুদ্ধে সাক্ষ্য দেন রাষ্ট্রপক্ষের মোট ৪০ জন সাক্ষী।
/ইউআই/এসটি/