গণমাধ্যমকে প্রাতিষ্ঠানিক রূপ দিতেই আইন করা হচ্ছে: তথ্যমন্ত্রী

হাসানুল হক ইনুগণমাধ্যমকে প্রাতিষ্ঠানিক রূপ দিতেই আইন করা হচ্ছে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
মঙ্গলবার সকালে রাজধানীর একটি হোটেলে ‘মুক্ত গণ্যমাধ্যম দিবস’ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে মন্ত্রী এ কথা জানান।
তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন, ‘সম্প্রচার নীতিমালা, সম্প্রচার আইন, অনলাইন নীতিমালাসহ সব ধরনের আইন করা হচ্ছে গণমাধ্যমকে সংকোচন করার জন্য নয়, এটাকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য।’
তথ্যমন্ত্রী বলেন, ‘অতীতের কিছু আইন আছে যা যুগোপযোগী করা হচ্ছে। গণমাধ্যমের স্বাধীনতা হচ্ছে মত প্রকাশের জন্য, কোনও ধরনের উসকানির জন্য নয়। এক্ষেত্রে গণমাধ্যমকে দায়িত্বশীল হতে হবে।’
তিনি আরও বলেন, ‘সরকার গণমাধ্যমের ওপর কোনও চাপ প্রয়োগ করছে না। এমন কোনও আইন করছে না যা গণমাধ্যমবিরোধী। এই সরকার তথ্য পাওয়ার অধিকার নিশ্চিত করেছে। গণমাধ্যম গণতান্ত্রিক সরকারের প্রতিপক্ষ নয়।’
বাংলাদেশে সম্প্রচারিত বিদেশি চ্যানেলগুলোর বিজ্ঞাপন করের আওতায় আনা যায় কিনা তা ভাবা হচ্ছে বলেও জানান তথ্যমন্ত্রী।

তিনি বলেন, ‘অনেকেই বিদেশি চ্যানেলগুলোর আগ্রসন হচ্ছে বলে বিধিনিষেধ আরোপ করতে বলেন। আমরা অনুষ্ঠান বা খবর নয়, বিদেশি চ্যানেলগুলোর বিজ্ঞাপনের ওপর কর বসানো যায় কিনা তা ভাবছি।’

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাংবাদিক মঞ্জুরুল আহসান বুলবুল, নাইমুল ইসলাম খান, প্রণব সাহা, সৈয়দ ইশতিয়াক রেজাসহ অনেকে।

আরও পড়ুন: চার সাংবাদিককে কুপিয়ে জখমের ঘটনায় ৩ সাংবাদিকের নামে মামলা

/সিএ/এসটি/এজে/