কুয়েতের প্রধানমন্ত্রী ঢাকায়, অভ্যর্থনা জানালেন শেখ হাসিনা

বিমানবন্দরে কুয়েতের প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান শেখ হাসিনাপ্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণে তিন দিনের সরকারি সফরে ঢাকায় এসেছেন কুয়েতের প্রধানমন্ত্রী শেখ জাবের আল-মুবারক আল-হামাদ আল-সাবাহ। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে শেখ জাবেরকে অভ্যর্থনা জানান শেখ হাসিনা।

কুয়েতি প্রধানমন্ত্রী এবং তার সফরসঙ্গীদের বহনকারী একটি বিশেষ বিমান বিকেল ৫টা ৯ মিনিটে হযরত শাহজালাল আর্ন্তজাতিক বিমান বন্দরে অবতরণ করে। বিমানবন্দরে তাদের লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিকেল ৫টা ২২ মিনিটে তাদের অভ্যর্থনা জানান। এ সময় একটি ছোট্ট শিশু তাকে ফুলের তোড়া উপহার দেন।

বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনীর একটি সুসজ্জিত দল কুয়েতের প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার এবং রাষ্ট্রীয় সালাম প্রদান করে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দাঁড়িয়ে সুসজ্জিত মঞ্চ থেকে কুয়েতের প্রধানমন্ত্রী সালাম গ্রহণ করেন। এ সময় দু’দেশের জাতীয় সঙ্গীত পরিবেশিত হয়।

পরে কুয়েতের প্রধানমন্ত্রী গার্ড পরিদর্শন করেন। এরপর বাংলাদেশের প্রধানমন্ত্রী কুয়েতের প্রধানমন্ত্রীকে মন্ত্রিসভার সদস্য এবং অন্যান্য বিশিষ্টজনের সঙ্গে পরিচয় করিয়ে দেন। কুয়েতের প্রধানমন্ত্রীও তার সফরসঙ্গীদের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিচয় করিয়ে দেন।

আরও পড়ুন: সন্দেহভাজন ৫ জনকে ধরেনি, যাদের ধরেছে তারা জড়িত নয়: বন্যা (ভিডিও)

বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী, পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলী, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী নুরুল ইসলাম বিএসসি, প্রধানমন্ত্রীর জ্বালানি উপদেষ্টা ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী, বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম এ সময় উপস্থিত ছিলেন।

এছাড়া মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম, তিন বাহিনীর প্রধান, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, পুলিশের আইজি, ডিপ্লোমেটিক কোরের ডিন, ঢাকায় নিযুক্ত কুয়েতের রাষ্ট্রদূত, কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত, প্রধানমন্ত্রীর প্রেস সচিব এবং উচ্চ পদস্থ সরকারি ও বেসরকারি কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

কুয়েতের প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার দেওয়া হয়বিমানবন্দরে উষ্ণ অভ্যর্থনার পর কুয়েতি প্রধানমন্ত্রীকে একটি মোটর শোভাযাত্রার মাধ্যমে বিমানবন্দর সড়কে হোটেল লা মেরিডিয়ানে নিয়ে যাওয়া হয়। ঢাকা সফরকালে তিনি এখানেই অবস্থান করবেন।

তিনদিনের সফরের দ্বিতীয় দিন বুধবার বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার কার্যালয়ে দ্বিপক্ষীয় বৈঠক করবেন কুয়েতের প্রধানমন্ত্রী। এ সময় দু’দেশের মধ্যে একাধিক চুক্তি স্বাক্ষরের কথা রয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, বৈঠকে কুয়েত ও বাংলাদেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি, জনশক্তি ও প্রতিরক্ষা ক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারণসহ দ্বি-পাক্ষিক, আঞ্চলিক এবং আন্তর্জাতিক অভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট যাবতীয় বিষয়ে দু’দেশের প্রধানমন্ত্রী আলোচনা করবেন।

একইসঙ্গে বৈঠকের শেষে কুয়েতের সঙ্গে বিনিয়োগ বৃদ্ধি ও সুরক্ষা, সামরিক সহযোগিতা এবং কূটনৈতিক ও অফিসিয়াল পাসপোর্টধারীদের ভিসা সহজীকরণ সংক্রান্ত তিনটি চুক্তিও স্বাক্ষরিত হওয়ার কথা রয়েছে।

কুয়েতের প্রধানমন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করবেন বুধবার।
আরও পড়ুন: জঙ্গি সন্দেহে সিঙ্গাপুর ও ঢাকায় ১৩ বাংলাদেশি আটক, সরকার উৎখাতের পরিকল্পনা!

তিনি জাতীয় সংসদ ভবনে চলমান অধিবেশনের কার্যক্রমও পর্যবেক্ষণ করবেন। শেখ জাবের আল-মুবারক বুধবার হোটেল সোনারগাঁওয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আয়োজিত এক নৈশভোজে অংশ নেবেন।

জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদ বৃহস্পতিবার কুয়েতের প্রধানমন্ত্রীর সঙ্গে তার হোটেল কক্ষে বৈঠক করবেন।

উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলে কুয়েতের প্রধানমন্ত্রীর সঙ্গে রয়েছেন কুয়েতের প্রথম উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্র মন্ত্রী শেখ সাবাহ আল-খালেদ আল-হামাদ আল-সাবাহ, উপ-প্রধানমন্ত্রী, অর্থ ও ভারপ্রাপ্ত তেল মন্ত্রী আনাস খালেদ আল-সাবাহ, শিক্ষা মন্ত্রী ড. বদর হামাদ আল-ইসা এবং পররাষ্ট্র বিষয়ক উপ প্রধানমন্ত্রী রাষ্ট্রদূত খালেদ সুলায়মান আল-জারাল্লাহ ।

কুয়েত চেম্বার অব কমার্স ইন্ডাষ্ট্রির একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন ব্যবসায়ী প্রতিনিধি দলও এ সফরে কুয়েতের প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশ সফর করছেন। তারা বাংলাদেশের ব্যবসায়ী নেতাদের সঙ্গেও মতবিনিময় করবেন। এছাড়া একটি মিডিয়া প্রতিনিধি দলও এই সফরে কুয়েতের প্রধানমন্ত্রীর সঙ্গে ঢাকায় এসেছেন।
বাংলাদেশে তিনদিনের সরকারি সফর শেষে কুয়েতের প্রধানমন্ত্রীর আগামী বৃহস্পতিবার বিকেলে ঢাকা ত্যাগ করার কথা রয়েছে।

/এফএস/এজে/