মঙ্গলবার রাতে সংসদ সচিবালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে। এর আগে মঙ্গলবার বিকালে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, ’বাংলাদেশ জাতীয় সংসদে প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত কাজে নিয়োজিত দায়িত্বপ্রাপ্ত জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের পরিবর্তে আজ ৩ মে থেকে দায়িত্ব পালন করবেন আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী আনিসুল হক।’ প্রজ্ঞাপনে এর বেশি কিছু বলা হয়নি।
মঙ্গলবার সংসদ অধিবেশনে প্রতিরক্ষা কর্মবিভাগ বিভাগ সংক্রান্ত দুটি বিল পাসের প্রস্তাব করার কথা ছিল সৈয়দ আশরাফের। ছাপানো কার্যসূচিতেও তা লেখা ছিল। তবে তার জায়গায় আনিসুল হক বিল দুটি তোলেন। স্পিকার শিরীন শারমিন চৌধুরীও বিল পাসের প্রস্তাবের জন্য আইনমন্ত্রীকে সংসদ কাজে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হিসেবে আহ্বান করেন।
উল্লেখ্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিরক্ষা মন্ত্রণালয়েরও মন্ত্রী। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফ দশম সংসদের শুরু থেকে অধিবেশনে প্রতিরক্ষা কাজে মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। সরকারের মধ্য মেয়াদে এসে তিনি এ দায়িত্ব হারালেন।
দ্বিতীয় মেয়াদে শেখ হাসিনা সরকার ক্ষমতায় আসার পর সৈয়দ আশরাফুল ইসলাম ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী। গত বছর তাকে এ মন্ত্রণালয় থেকে সরিয়ে এক সপ্তাহ পর জনপ্রশাসন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়।
/ওএফ/ইএইচএস /এএইচ/