সিঙ্গাপুর থেকে ফেরত পাঠানো ৫ 'জঙ্গি' ৭ দিনের রিমান্ডে

জঙ্গি সন্দেহে সিঙ্গাপুর থেকে ফেরত পাঠানো পাঁচ বাংলাদেশি

জঙ্গি সন্দেহে সিঙ্গাপুর থেকে দেশে ফেরত পাঠানো পাঁচজনকে সাত দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। রামপুরা থানায় সন্ত্রাস বিরোধী আইনে দায়ের করা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য তাদের রিমান্ড মঞ্জুর করেছেন ঢাকা অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আলী মাসুদ শেখ।

বুধবার মামলার তদন্তকারী কর্মকর্তা ও গোয়েন্দা পুলিশের পরিদর্শক মো. মনসুর আলী রিপন পাঁচ আসামিকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন। ঢাকা অতিরিক্ত মূখ্য মহানগর হাকিম আলী মাসুদ শেখ আসামিপক্ষের জামিনের আবেদন নাকচ করে তাদের সাত দিনের রিমান্ডে পাঠান।

আসামিরা হলেন- মো. রানা মিয়া পাইলট (২৯), মো. মিজানুর রহমান গালিব ওরফে গালিব হাসান চৌধুরী ইভান (৪২), মো. আলমগীর হোসেন ওরফে আলমগীর মোহাম্মদ (৩১), মো. তানজিমুল ইসলাম (২৪), মো. মাসুদ রানা ওরফে সন্টু খান (৩১)। মঙ্গলবার রাজধানীর বনশ্রী এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগে সম্প্রতি সিঙ্গাপুর থেকে তাদের বাংলাদেশে ফেরত পাঠানো হয়।

পুলিশ জানায়, জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগে এই পাঁচজনসহ সিঙ্গাপুরে অবস্থানরত ১৩ জন বাংলাদেশিকে গ্রেফতার করে সে দেশের পুলিশ। এর মধ্যে পাঁচজনকে জিজ্ঞাসাবাদ শেষে ২৯ এপ্রিল বাংলাদেশে ফেরত পাঠানো হয়। দেশে ফেরত পাঠানোর পর থেকে তাদের ওপর পুলিশের নজরদারি ছিল।  

আরও পড়ুন- 
যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে সন্ত্রাসবিরোধী সহযোগিতা নিয়ে আলোচনা

পুলিশের কাছে ৪০ লাখ ভাড়াটিয়ার তথ্য: আসবাবপত্রের দিকেও নজর রাখতে হবে

/এসআইটি/এফএস/