বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.) নবুওয়াত লাভের একাদশ বর্ষের রজব মাসের ২৬ তারিখ দিবাগত রাতে মহান আল্লাহর বিশেষ মেহমান হিসেবে আরশে আজিমে আরোহণ করেন।তিনি মহান আল্লাহ তায়ালার দিদার লাভ করেন এবং পাঁচ ওয়াক্ত নামাজের হুকুম নিয়ে দুনিয়াতে প্রত্যাবর্তন করেন। তিনি অবলোকন করেন সৃষ্টি জগতের সমস্ত কিছুর অপার রহস্য। মুহাম্মদ (সা.) এর জীবনের সবচেয়ে আলোড়ন সৃষ্টিকারী ঘটনা ‘মেরাজ’।
হযরত মুহাম্মদ ছাড়া অন্য কোনো নবী এই পরম সৌভাগ্য লাভ করতে পারেননি। এ মেরাজ রজনীতেই মানবজাতির শ্রেষ্ঠ ইবাদত পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ হয়।
আরও পড়তে পারেন: ইবিতে ভিসি ও প্রো-ভিসি গ্রুপের সংঘর্ষে আহত ৬
ধর্মীয় ভাবগাম্ভীর্য ও যথাযথ মর্যাদায় মুসলিম জাহানের সঙ্গে এদেশের ধর্মপ্রাণ মুসলমানরাও আজ কোরআনখানি, নফল নামাজ, জিকির-আসকার, ওয়াজ মাহফিল, দোয়া-দরুদ পাঠ ও বিশেষ মোনাজাতের মাধ্যমে পবিত্র শবে মেরাজ পালন করবেন।
ইসলামিক ফাউন্ডেশন সূত্র জানায়, বাংলাদেশের আকাশে গত ৮ এপ্রিল শুক্রবার ১৪৩৭ হিজরি সনের পবিত্র রজব মাসের চাঁদ দেখা যায়।এই হিসেবে গত ৯ এপ্রিল থেকে পবিত্র রজব মাস শুরু হয়।
জাতীয় চাঁদ দেখা কমিটির সভার সিদ্ধান্ত মোতাবেক, ২৬ রজব ১৪৩৭ হিজরি, ২১ বৈশাখ ১৪২৩ বঙ্গাব্দ, ৪ মে ২০১৬ খ্রিস্টাব্দ বুধবার দিবাগত রাতে সারাদেশে পবিত্র লাইলাতুল মিরাজ পালিত হবে।
ইসলামিক ফাউন্ডেশন জানিয়েছে,আজ ৪ মে বুধবার সন্ধ্যা ৭ টায় (বাদ মাগরিব) বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ‘লাইলাতুল মিরাজের গুরুত্ব ও তাৎপর্য’ শীর্ষক এক ওয়াজ ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।
/এমএসএম /