সুন্দরবন রক্ষায় স্বতন্ত্র মন্ত্রণালয় গঠনের দাবি

সুন্দরবনসুন্দরবন রক্ষায় দ্রুত সুন্দরবন বিষয়ক একটি স্বতন্ত্র মন্ত্রণালয় গঠনের দাবি জানিয়েছে রামপাল-মংলা ইয়ুথ ওয়েলফেয়ার ফাউন্ডেশন। বুধবার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে সংগঠনটির পক্ষ থেকে এই দাবি জানানো হয়।
মানববন্ধনে বক্তারা বলেন,বিশ্ব ঐতিহ্য সুন্দরবনকে রক্ষার জন্য সবাইকে এগিয়ে আসতে হবে। জাতিসংঘ সুন্দরবনকে বিশ্ব ঐতিহ্য হিসেবে স্বীকৃতি দিয়েছে। পৃথিবীতে এমন ম্যানগ্রোভ ফরেস্ট আর দ্বিতীয়টি খুঁজে পাওয়া যাবে না। তাই প্রকৃতি প্রদত্ত এই সম্পদকে রক্ষায় অবিলম্বে সুন্দরবন বিষয়ক স্বতন্ত্র একটি মন্ত্রণালয় গঠন করা জরুরি হয়ে পড়েছে।
বক্তারা আরও বলেন,সম্প্রতি বেশ কয়েকবার সুন্দরবনে আগুন লেগে অনেক ক্ষতি হয়েছে। শ্যালা নদীতে জাহাজডুবিতে তেল পড়ে বিপর্যয় ঘটেছে। কয়লাবাহী জাহাজডুবির ফলেও সুন্দরবনের ক্ষতি হচ্ছে। ধনাঢ্য ও প্রভাব বিস্তারকারী গোষ্ঠী সুন্দরবনের পাশে হাজার হাজার বিঘা জমি কিনছে।সরকার সুন্দরবনের পাশে রামপালে প্রস্তাবিত কয়লাভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের পরিকল্পনা করছে।এসব কিছুই সুন্দরবনকে ধ্বংসের দিকে নিয়ে যাবে বলে তারা শঙ্কা প্রকাশ করেন।
ক্ষোভ প্রকাশ করে তারা বলেন, জাতিসংঘসহ আজ  গোটা বিশ্বের পরিবেশবাদীরা সুন্দরবন নিয়ে উদ্বিগ্ন।

মানববন্ধনে সেভ দ্য সুন্দরবন ফাউন্ডেশন, মানবাধিকার প্রতিষ্ঠান সেন্টার ফর হিউম্যান রাইটস মুভমেন্ট, সেভ নেচার ওয়ার্ল্ড লাইভ, পরিবেশবাদী যুব সংগঠন গ্রীন ভয়েস, অক্সিজেন পরিবেশ আন্দোলন, সামাজিক সংগঠন প্রচেষ্টা, পল্লী সেবা সোসাইটির নেতারা মানববন্ধনে উপস্থিত ছিলেন।

/এসআইএস/এফএস/এমএসএম/