‘স্ত্রীর সঙ্গে রাগ করে’ নিজের গায়ে আগুন দিয়েছেন রোকনুজ্জামান (৪৮) নামে এক ব্যক্তি। তাকে রক্ষা করতে গিয়ে পুড়ে গেছেন স্ত্রী আকলিমা বেগম। রাজধানীর মিরপুরে রবিবার সকালে মিরপুর-১ দিয়াবাড়ি সিটি কলোনির বাসায় এ ঘটনা ঘটে।
ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মোজাম্মেল হক দগ্ধ রোকনুজ্জামানের হাসপাতালে ভর্তি হওয়ার বিষয়টি নিশ্চিত করেন।
রোকনুজ্জামানকে ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন।
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল বার্ন ইউনিটের আবাসিক সার্জন পার্থ শঙ্কর পাল জানান, রোকনুজ্জামানের (৪৮) শরীরের ৫২ শতাংশ ও আকলিমার (২৫) পাঁচ শতাংশ দগ্ধ হয়েছে।
আরও পড়ুন:
ইন্সপেক্টর মোজাম্মেল হক বলেন, রবিবার সকালে রাজধানীর মিরপুর-১ এর দিয়াবাড়ি সিটি কলোনির বাসা থেকে গার্মেন্টসে কাজে যাচ্ছিলেন বলে জানান আকলিমা। তখন বাসার সামনের রাস্তায় স্বামী রোকনুজ্জামান গায়ে কেরোসিন দিয়ে আগুন ধরিয়ে দেন। এ সময় স্বামীকে বাঁচাতে গিয়ে তিনি নিজেও দগ্ধ হন।
ঘটনার আগে তার সঙ্গে স্বামীর ঝগড়া হয়েছিল বলে জানান আকলিমা। তিনি রোকনুজ্জামানের দ্বিতীয় স্ত্রী।
বিষয়টি দারুস সালাম থানা কর্তৃপক্ষকে জানানো হয়েছে বলে জানান ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির এই ইনচার্জ।
/জেইউ/এইচকে/