নিজামীর ফাঁসি স্থগিত চায় হিউম্যান রাইটস ওয়াচ

এইচআরডাব্লিউমানবাতাবিরোধী অপরাধে ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি জমায়াতের আমির মতিউর রহমান নিজামীর ফাঁসি স্থগিতের আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ।
সোমবার নিউইয়র্ক থেকে গণমাধ্যমে পাঠানো সংস্থাটির এক বিবৃতিতে এ আহ্বান জানানো হয়।
বার্তায় বলা হয়, আন্তর্জাতিক মানবতাবিরোধী ট্রাইব্যুনালের মাধ্যমে এই বিচার পরিচালনা করা হয়েছে। এই আদালতের অধীনে এর আগেও বেশ কয়েকটি ফাঁসি কার্যকর করা হয়। আন্তর্জাতিক কয়েকটি গুরুত্বপূর্ণ পর্যবেক্ষক সংস্থা এই বিচার প্রক্রিয়া নিয়ে গুরুতর উদ্বেগ জানিয়ে আসছে।
সংস্থাটির এশিয়া অঞ্চলের পরিচালক ব্র্যাড এডামস বলেন, হিউম্যান রাইটস ওয়াচ যে কোনও পরিস্থিতিতে সব ধরনের মৃত্যুদণ্ডের বিরোধিতা করে। এটি একটি নিষ্ঠুর শাস্তি। যার মাধ্যমে দণ্ডপ্রাপ্ত ব্যক্তির মধ্যে কোনও অনুশোচনা বা পরিবর্তন সৃষ্টি হয় না।
বার্তায় বিচার কাজ নিয়ে প্রশ্ন তুলে বলা হয়, বিচার কাজে নিজামীকে আত্মপক্ষ সমর্থনের জন্য মাত্র চারজন সাক্ষী উপস্থাপনের অনুমতি দেওয়া হয়। তাকে প্রসিকিউটরের সাক্ষীদের চ্যালেঞ্জ করার ক্ষমতাও দেওয়া হয়নি। এছাড়া একজন বিচারপতির কথোপকথন স্কাইপে ফাঁস হওয়ায় এ বিচার আরও প্রশ্নবিদ্ধ হয়েছে।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার নিজামীর রিভিউ (রায় পুনর্বিবেচনা) আবেদন খারিজ করে ফাঁসির রায় বহাল রাখেন উচ্চ আদালত। সোমবার এ মামলার পূর্ণাঙ্গ ট্রাইব্যুনাল থেকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে। নিজামীমে রায়ের কপি পড়েও শোনানো হয়েছে।

অন্যদিকে নিজামীর আইনজীবী বলেছেন, নিজামী ক্ষমা প্রার্থনা করবেন না। ফলে ফাঁসি কার্যকর করতে আর কোনও আনুষ্ঠানিকতার বাকি নেই। এখন শুধু সরকার সিদ্ধান্ত জানালেই তার ফাঁসি কার্যকর করা হবে।
আরও পড়ুন: নিজামীকে রায় পড়ে শোনানো হয়েছে

/এনএস/এজে/