লন্ডনে অনুষ্ঠিত কমনওয়েলথ মিনিস্ট্রিয়াল অ্যাকশন গ্রুপের বৈঠকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জন্য পাকিস্তানের ‘তদবির’ করা নিয়ে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে ও তার তথ্য-প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। ফেসবুক পেইজে লেখা এক স্ট্যাটাসে তিনি এ মন্তব্য করেছেন।
জয় স্ট্যাটাসে লিখেছেন, ‘আমি আগেই বলেছি খালেদা জিয়া পাকিস্তানি এজেন্ট। তিনি অব্যাহতভাবে নির্বাচনগুলোর জন্য আইএসআই এজেন্টদের কাছ থেকে অর্থ গ্রহণ করে আসছেন। তিনি যুদ্ধাপরাধীদের মন্ত্রী বানিয়েছিলেন। এখন পাকিস্তানি সরকার তার পক্ষে প্রকাশ্যে তদবির করছে।’
আরও পড়ুন: পাকিস্তানকে কড়া ভাষায় যা বলেছে বাংলাদেশ
প্রসঙ্গত, লন্ডনে কমনওয়েলথ মিনিস্ট্রিয়াল অ্যাকশন গ্রুপের বৈঠকে খালেদা জিয়ার পক্ষে পাকিস্তান ‘অবস্থান নিয়ে’ বাংলাদেশের পরিস্থিতি ইস্যুতে আলোচনার প্রস্তাব তুলেছিল বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। তবে অন্য দেশের প্রতিনিধিরা বিষয়টি গুরুত্ব না দেওয়ায় ইসলামাবাদের প্রস্তাবটি নাকচ হয়ে যায়।
৫৩টি রাষ্ট্রের জোট কমনওয়েলথের মিনিস্ট্রিয়াল অ্যাকশন গ্রুপ সদস্য দেশগুলোর রাজনৈতিক পরিস্থিতির গুরুতর অবনতি ঘটলে তা নিয়ে সিদ্ধান্ত নিয়ে থাকে। কোনও দেশে গণতন্ত্র নির্বাসিত হলে তা পুনরুদ্ধারের পদক্ষেপও আসে এই ফোরাম থেকে।
সোমবার মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাও বিষয়টি নিয়ে কথা বলেছেন জানা গেছে।
/এসটি/