নেপালে ৫৬টি পণ্যের শুল্কমুক্ত প্রবেশাধিকার চেয়েছে বাংলাদেশ। মঙ্গলবার ঢাকায় উভয় দেশের মধ্যে দু’দিন ব্যাপী বাণিজ্য সচিব পর্যায়ের বৈঠকে এ প্রস্তাব দেয় বাংলাদেশ।
বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হেদায়েতুল্লাহ আল মামুন ১৮ সদস্যের বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন। আর নেপালের ৯ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন সে দেশের বাণিজ্য সচিব নয়েন্দ্র প্রসাদ উপাধ্যায়া।
এ ব্যাপারে বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মনোজ কুমার রায় বলেন, ‘দ্বিপক্ষীয় বাণিজ্যের আওতায় ৫৬টি পণ্যের শুল্কমুক্ত প্রবেশাধিকারের জন্য আমরা নেপালের কাছে প্রস্তাব দিয়েছি। নেপালও আমাদের বাজারে তাদের ১০৮টি পণ্যের জন্য একই ধরনের সুবিধা চেয়েছে।’
তিনি বলেন, চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানোর আগে উভয় দেশ এখন সবদিক খতিয়ে দেখছে।
নেপালের কাছে যে ৫৬ পণ্যের প্রস্তাব দেওয়া হয়েছে সেগুলোর মধ্যে রয়েছে- নির্মাণ সামগ্রী, রেফ্রিজারেটর, ব্যাটারি, তৈরি পোশাক, প্লাস্টিক সামগ্রী, সিমেন্ট, তামাক, টমেটো সস, চিপস, ওয়েফার প্রভৃতি।
এসবের পাশাপাশি নেপালের জলবিদ্যুৎ খাতে বাংলাদেশের বিনিয়োগের ব্যাপারেও চলতি বৈঠকে আলোচিত হচ্ছে। খবর বাসস।
/এসটি/