সম্মেলনে দু’দেশের মধ্যে বিদ্যমান পারস্পরিক সুসম্পর্ক আরও জোরদারের বিষয় নিয়ে আলোচনা হবে বলে জানিয়েছেন বিজিবি’র জনসংযোগ কর্মকর্তা মুহম্মদ মোহসিন রেজা।
১২ মে বৃহস্পতিবার শুরু হয়ে সীমান্ত সম্মেলন শেষ হবে আগামী ১৬ মে সোমবার।
আরও পড়তে পারেন: আরও ভালো ফল চাই: শিক্ষামন্ত্রী
সম্মেলনে অংশ নিতে এরই মধ্যে ঢাকায় পৌঁছেছেন বিএসএফ-এর মহাপরিচালক কে কে শর্মার নেতৃত্বে ২১ সদস্যের একটি প্রতিনিধিদল। অন্যদিকে,সম্মেলনে বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদের নেতৃত্বে ২৩ সদস্যের বাংলাদেশ প্রতিনিধিদল অংশ নেবে।
বিজিবি’র জনসংযোগ কর্মকর্তা জানান,সীমান্ত এলাকায় নিরস্ত্র বাংলাদেশি নাগরিকদের গুলি, হত্যা, আহত করা,সীমান্তের অপর প্রান্ত থেকে বাংলাদেশে ফেনসিডিল, অ্যালকোহল, গাঁজা, হেরোইন, ভায়াগ্রা ও সেনেগ্রা ট্যাবলেটসহ অন্যান্য মাদক ও নেশাজাতীয় দ্রব্যের চোরাচালান বন্ধ,বাংলাদেশি নাগরিকদের আটক, অবৈধভাবে আন্তর্জাতিক সীমান্ত অতিক্রম,অস্ত্র ও বিস্ফোরক পাচার,আন্তর্জাতিক সীমান্তের (নোম্যান্স ল্যান্ড) ১৫০ গজের মধ্যে উন্নয়নমূলক নির্মাণ কাজ এবং উভয় দেশের সীমান্তে নদীর তীর সংরক্ষণ কাজে সহায়তার বিষয়টি এজেন্ডা হিসেবে থাকছে।
এদিকে,বুধবার পিলখানায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ) এর মধ্যে প্রীতি কাবাডি ম্যাচ অনুষ্ঠিত হয়। ওই ম্যাচে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল উপস্থিত ছিলেন।
আরও পড়তে পারেন: এসএসসি’র ফল জানা হলো না বাবুলের
সীমান্ত সম্মেলন উপলক্ষে বিএসএফ পরিচালিত কল্যাণমূলক প্রতিষ্ঠান ‘বিএসএফ ওয়াইভস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন (বাওয়া)এর নয় সদস্যের প্রতিনিধিদল একইসঙ্গে বাংলাদেশ সফর করছেন।
বিএসএফ-এর 'বাওয়া’ প্রতিনিধিদল আগামীকাল (১২ মে) সকাল ৯টায় বিজিবি পরিচালিত কল্যাণমূলক প্রতিষ্ঠান ‘সীমান্ত পরিবার কল্যাণ সমিতি (সীপকস)’ এর বিভিন্ন কর্মসংস্থানমূলক ও সৃজনশীল কর্মকাণ্ড পরিদর্শন ও মতবিনিময় করবেন।
বিএসএফ ওয়াইভস ওয়েলফেয়ার অ্যালোয়েশনের এর প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন ওই প্রতিষ্ঠানের সভানেত্রী ও বিএসএফ মহাপরিচালকের পত্মী রেনু শর্মা। অপরদিকে সীমান্ত পরিবার কল্যাণ সমিতি’র প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন প্রতিষ্ঠানটির প্রধান পৃষ্ঠপোষক ও বিজিবি মহাপরিচালকের পত্মী বেগম দিলশাদ নাহার আজিজ।
আাগামী ১৬ মে সকাল সাড়ে ৭টায় সম্মেলনের যৌথ দলিল স্বাক্ষরের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শেষ হবে সম্মেলন। ওইদিনই ভারতীয় প্রতিনিধিদল স্বদেশের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন।
জেইউ/এমএসএম /