বুলগেরিয়া যাওয়ার আগে প্রধানমন্ত্রী লন্ডনে দুই দিনের যাত্রা বিরতি করবেন। রবিবার স্থানীয় সময় বিকেল সোয়া ৪টায় প্রধানমন্ত্রীর লন্ডনে পৌঁছানোর কথা রয়েছে। প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে বিমান বন্দরে উপস্থিত থাকবেন ব্রিটেনে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবদুল হান্নান, যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদ শরীফ ও দলের যুক্তরাজ্য শাখার সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক। এছাড়া বাকিংহাম গেটের তাজ হোটেলের সামনে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানাতে বিপুল সংখ্যক দলীয় নেতাকর্মী উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন যুক্তরাজ্য যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জামাল খান।
অন্যদিকে প্রধানমন্ত্রীর লন্ডন সফরের সময় তিন দিনব্যপী বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে যুক্তরাজ্য বিএনপি ও এর অঙ্গ সংগঠনগুলো। যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেক বাংলা ট্রিবিউনকে জানিয়েছেন, প্রধানমন্ত্রীর সফরের পুরো সময় বিএনপির নেতাকর্মীরা বাকিংহাম গেটে তাজ হোটেলের সামনে অবস্থান নেবে। তবে যে কোনও প্রকার উশৃঙ্খল আচরণ ও নাশকতার চেষ্টা করা হলে বিএনপির কর্মীদের প্রতিহত করার কথা বলেছেন যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধূরী।
এদিকে প্রধানমন্ত্রীর লন্ডন সফরকে ঘিরে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ হাই কমিশনের প্রেস মিনিস্টার নাদিম কাদির। আগামী ১৭ মে পর্যন্ত লন্ডনে অবস্থানের পর আগামী ১৮ মে সোফিয়াতে তিন দিনের গ্লোবাল ওমেন্স ফোরামে অংশ নিয়ে ২১ মে ঢাকা ফিরবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আরও পড়ুন: বান্দরবানে ভিক্ষু হত্যা: দুই রোহিঙ্গাসহ আটক ৩
এজে/