ট্যাংকে পড়ে শিশুর মৃত্যু: ক্ষতিপূরণ প্রশ্নে হাইকোর্টের রুল

হাইকোর্ট

চাঁদপুরে ঢাকনাবিহীন সেপটিক ট্যাংকে পড়ে শিশু আছমা আক্তার পাখির মৃত্যুর ঘটনায় তার পরিবারকে ২০ লাখ টাকা ক্ষতিপূরণ দিতে কেন নির্দেশ দেওয়া হবে না- তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

একইসঙ্গে ওই ঘটনায় বিবাদীদের নিষ্ক্রিয়তা, ব্যর্থতা ও অবহেলাকে কেন অসাংবিধানিক ও বেআইনি ঘোষণা করা হবে না-রুলে তাও জানাতে বলা হয়েছে।

রবিবার এক রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মো. ইকবাল কবির সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ এ আদেশ দেন।

স্বরাষ্ট্র সচিব, নৌ পরিবহন সচিব, বিআইডব্লিউটি এর চেয়ারম্যান, বিআইডব্লিউটি এর উপ-পরিচালক (বন্দর), চাঁদপুরের পুলিশ সুপার, চাঁদপুর সদর থানার ওসিসহ সংশ্লিষ্টদের চার সপ্তাহের মধ্যে এ রুলের জবাব দিতে বলা হয়েছে। পরবর্তী আদেশের জন্য বিষয়টি ৩০ অক্টোবর আদালতের কার্য তালিকায় আসবে বলে জানিয়েছেন আদালত।

আরও পড়ুন: প্রথম আন্তর্জাতিক ফ্লাইট নিয়ে বিপাকে ইউএস বাংলা

গত ২৩ ফেব্রুয়ারি চাঁদপুর হরিণা ফেরিঘাট এলাকার বিআইডব্লিউটিএর খোলা মাঠে স্থানীয় আলমগীর হাওলাদারের তিন বছরের মেয়ে আছমা আক্তার পাখি বাড়ির অন্যান্য শিশুদের সঙ্গে ওই মাঠে খেলা করছিল। হঠাৎ সে মাঠের পাশে বিআইডব্লিউটিএর সেপটিক ট্যাংকে পড়ে যায়। তাকে না পেয়ে খুঁজতে গিয়ে সেপটিক ট্যাংকের ভেতরে পাওয়া যায়। তাকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিলে কর্তৃব্যরত চিকিৎসক মৃত বলে জানান।

ওই ঘটনায় চিল্ড্রেনস চ্যারেটি বাংলাদেশ ফাউন্ডেশনের (সিসিবি ফাউন্ডেশন) চেয়ারম্যান ব্যারিস্টার আবদুল হালিম গত ১২ মে রিট আবেদনটি করেন।

রবিবার আদালতে রিট আবেদনকারী আবদুল হালিম নিজেই শুনানি করেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যার্টনি জেনারেল মোতাহার হোসেন সাজু। খবর বাসস।

 

/এসটি/