নির্বাচনের অনুকূল পরিবেশ সৃষ্টিতে যুক্তরাষ্ট্রের সহায়তা চাইলো বিএনপি

উইলিয়াম ই টড

আগামী জাতীয় সংসদ নির্বাচনের ‘অনুকূল পরিবেশ’ তৈরিতে যুক্তরাষ্ট্রের সহায়তা চেয়েছে বিএনপি। পাশাপাশি যুক্তরাষ্ট্রের তরফেও দলটিকে ‘টেকসই গণতন্ত্র ও সুষ্ঠু নির্বাচনের দিকে এগিয়ে যেতে পরামর্শ দেওয়া হয়েছে। সোমবার সকালে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাটের বাসায় ঢাকায় সফররত মার্কিন পররাষ্ট্র দফতরের মধ্য ও দক্ষিণ এশিয়া-বিষয়ক মুখ্য উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী উইলিয়াম ই টডের সঙ্গে বিএনপির ৬ নেতার বিশেষ বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়। বৈঠকে অংশ নেওয়া নির্ভরযোগ্য একাধিক সূত্রে এ তথ্য জানা গেছে।

বৈঠকে বিএনপির তরফে চলমান ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র সারা দেশে খুন, কেন্দ্র দখল ও জাল ভোট প্রদানের তথ্য সংবলিত একটি পরিসংখ্যানপত্র দেওয়া হয়।

এ বিষয়ে জানতে চাইলে বিএনপির প্রতিনিধি দলের সদস্য, দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘রাজনৈতিক বিষয়ে আলোচনা হয়েছে। তারা আমাদের দাওয়াত করেছিলেন। এটি একটি ইনফরমাল আলোচনা ছিল। ফলে, কী আলোচনা হয়েছে, এ নিয়ে বাইরে কথা বলার প্রয়োজন মনে করছি না।’

আরও পড়ুন: ফিলিপাইনকে আন্তর্জাতিক চাপে ফেলতে চায় বাংলাদেশ

বৈঠকসূত্রে জানা গেছে, সোমবার সকাল ৮টা বিশের দিকে রাজধানীর গুলশানে মার্কিন রাষ্ট্রদূতের বাসভবনে ওই বৈঠক হয়। বৈঠকটি সকাল ৯টা ৫৫ মিনিটে শেষ হয়। উইলিয়াম ই টডের বাংলাদেশ সফর উপলক্ষ্যে আরও দিন কয়েক আগেই যুক্তরাষ্ট্রের দূতাবাসের তরফে ৬ বিএনপি নেতাকে দাওয়াতপত্র দেওয়া হয়।

নজরুল ইসলাম খান জানান, এ সফরে টডের এটিই প্রথম কোনও রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক।

টড, বার্নিকাট ও বিএনপির ৬ নেতাবৈঠকে অংশ নেওয়া বিএনপির নেতারা হলেন, দলের স্থায়ী কমিটির সদস্য মঈন খান, নজরুল ইসলাম খান, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমির খসরু মাহমুদ, ইনাম আহমেদ চৌধুরী, রিয়াজ রহমান ও সাবিহ উদ্দিন। বৈঠকে যুক্তরাষ্ট্রের দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বৈঠক শেষে সকাল ১০টার দিকে বিএনপি নেতারা দলের গুলশান কার্যালয়ে যান।

বৈঠকে অংশ নেওয়া সূত্রের তথ্য,  যুক্তরাষ্ট্রের তরফে বাংলাদেশের চলমান রাজনৈতিক সংকট, ইউনিয়ন পরিষদ নির্বাচন, ‘গণতন্ত্রের উত্তরণ’, ব্লগার-ইমামসহ ভিন্নধর্মাবলম্বীদের খুনের বিষয়ে জানতে চাওয়া হয়। পাশাপাশি বর্তমান পরিস্থিতি থেকে উত্তরণের উপায় কী-এ নিয়েও বিএনপি নেতাদের কাছে জানতে চান  উইলিয়াম ই টড।

সূত্র জানায়, বৈঠক প্রসঙ্গে বাইরে মুখ না খোলার বিষয়ে উভয়পক্ষ একমত হয়। যুক্তরাষ্ট্র দূতাবাসের তরফে ‘উদ্ধৃত না করতেও’ পরামর্শ দেওয়া হয়। একই কথা জানান নজরুল ইসলাম খানও। তিনি বলেন, এ বিষয়ে বাইরে আলোচনার প্রয়োজন মনে করি না।

আরও পড়ুন- আসলামের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার তথ্য পাওয়া গেছে: পুলিশ

বৈঠকে অংশ নেওয়া বিএনপির চেয়ারপারসনের ২ উপদেষ্টা জানান, ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে সারাদেশে মানুষ খুন, কেন্দ্র দখল, একচেটিয়া আওয়ামী লীগ প্রার্থীদের বিজয়সহ নানা অনিয়মের একটি পরিসংখ্যান দেওয়া হয়েছে টডের হাতে। এ বিষয়ে সরকারের সঙ্গে আলোচনা করে যুক্তরাষ্ট্রের অবস্থান তুলে ধরতেও বিএনপির তরফে আহ্বান জানানো হয়।

জানতে চাইলে সূত্র জানায়, বিএনপির যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরীর সঙ্গে ইসরায়েলি লিকুদ পার্টির নেতার বৈঠক ও তার গ্রেফতার নিয়ে কোনও প্রসঙ্গ উত্থাপিত হয়নি। সূত্র এও জানায়, পরিসংখ্যানের বাইরে বিএনপির তরফে কোনও লিখিত প্রস্তাব দেওয়া হয়নি।

খালেদা জিয়ার ঘনিষ্ট এক উপদেষ্টা জানান, যুক্তরাষ্ট্র বাংলাদেশ পরিস্থিতি সম্পর্কে কনসার্ন। তারা এটাই সরকারের কাছে তুলে ধরবে বলে আমরা প্রত্যাশা করি।

আরও পড়ুন: সাড়ে ৬ হাজার এটিএম বুথই অবৈধ!

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মঈন খান সাংবাদিকদের জানান, রাষ্ট্রদূতের নিমন্ত্রণে তারা বার্নিকাটের বাসায় গিয়েছেন। দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে কথা হয়েছে। যদিও বৈঠকে অংশ নেওয়া একজন উপদেষ্টার দাবি, এসব আলোচনার বাইরেও আরও বিষয় নিয়ে তাদের মধ্যে কথা হয়েছে। যেগুলো ডিসক্লোজড করার নিষেধাজ্ঞা রয়েছে।

যদিও কয়েক দিন আগে মধ্য ও দক্ষিণ এশিয়া-বিষয়ক সহকারী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী নিশা দেশাই বিসওয়াল ঢাকা সফর করলেও বিএনপির সঙ্গে তার কোনও বৈঠক অনুষ্ঠিত হয়নি।

এর আগে এ বছরের ২৫ জানুয়ারি বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতিতে খালেদা জিয়ার ‘ভাবনা জানতে’ তার সঙ্গে বৈঠক করেছিলেন ঢাকায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট।  ওই দিন বিএনপি চেয়ারপারসনের বাড়ি ফিরোজায় দেড় ঘণ্টা ধরে তারা আলোচনা করেন। বৈঠকের পর বার্নিকাটকে উদ্ধৃত করে যুক্তরাষ্ট্র দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, “বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি বিষয়ে খালেদা জিয়ার মতামত ও ভাবনা জানতে পারার সুযোগকে আমি সাধুবাদ জানাই।”

 এসটিএস/এপিএইচ/