লন্ডনে পৌঁছেই টিউলিপের মেয়েকে কোলে তুলে নিলেন প্রধানমন্ত্রী

টিউলিপের সন্তানকে কোলে নিয়ে আদর করছেন প্রধানমন্ত্রী

তিনদিনের সরকারি সফরে বুলগেরিয়ার রাজধানী সোফিয়ায় যাওয়ার পথে লন্ডনে যাত্রাবিরতি করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্থানীয় সময় রবিবার লন্ডনে পৌছেঁই ছোট বোন শেখ রেহানার মেয়ে টিউলিপ রিজওয়ানা সিদ্দিকের নবজাত কন্যাকে পরম মমতায় নিজ কোলে তুলে নেন তিনি। সেন্ট জেমস কোর্ট তাজ হোটেলে এসে পৌঁছানোর সঙ্গে সঙ্গেই নাতনির সঙ্গে দেখা হয় তার।  

‘গ্লোবাল ওমেন লিডারস ফোরামে’ যোগ দিতে রবিবার  বুলগেরিয়ার উদ্দেশে রওনা দেন প্রধানমন্ত্রী। যাত্রাবিরতির অংশ হিসেবে বিকেল ৪টায় হিথরো আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর প্রধানমন্ত্রী একটি সুশোভিত মোটর শোভাযাত্রা নিয়ে সেন্ট জেমস কোর্ট তাজ হোটেলে এসে পৌঁছান । লন্ডনে অবস্থানকালীন সময়ে প্রধানমন্ত্রী এখানেই অবস্থান করবেন।

হোটেলে আসার পর পরই উচ্ছসিত প্রধানমন্ত্রী তার পরিবারের অন্য সদস্যদের উপস্থিতিতে টিউলিপ সিদ্দিকীর মেয়ে আজালিয়া জয় পার্সিকে আনন্দের সঙ্গে কোলে তুলে নেন।


বঙ্গবন্ধুর ছোটমেয়ে শেখ রেহানা, টিউলিপের স্বামী ক্রিস্টিয়ান উইলিয়াম সেন্ট জন পার্সি, টিউলিপের ভাই রেদোয়ান মুজিব সিদ্দিক, প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টা ও ছেলে সজিব ওয়াজেদ জয়সহ পরিবারের অন্য সদস্যরা এ সময় উপস্থিত ছিলেন।

আরও পড়ুন:উইলিয়াম ই টড নির্বাচনের অনুকূল পরিবেশ সৃষ্টিতে যুক্তরাষ্ট্রের সহায়তা চাইলো বিএনপি

হ্যাম্পস্টেড এবং কিলবার্ন আসন থেকে নির্বাচিত লেবার পার্টির এমপি টিউলিপ সিদ্দিক গতমাসে ব্রিটেনের রাজধানী লন্ডনের রয়েল ফ্রি হাসপাতালে এই কন্যা সন্তানের জন্ম দেন।

টিউলিপের সন্তান জন্ম নেওয়ার সংবাদে আনন্দিত হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সে সময় গেন্ডারিয়ার আঞ্জুমানে মফিদুল ইসলাম ছাত্রীনিবাস এবং আজিমপুর ছাত্রনিবাসে দরিদ্র, দুস্থ এবং এতিমদের মধ্যে নতুন কাপড়, কেক এবং মিষ্টি পাঠান। সূত্র: বাসস।

/এফএস/ এপিএইচ/