এগিয়ে আসছে ঘূর্ণিঝড় ‘রোয়ানু’, সতর্কতা সংকেত জারি

এগিয়ে আসছে ঘূর্ণিঝড় রোয়ানুবঙ্গোপসাগরে অবস্থিত গভীর নিম্নচাপটি আরও উত্তর দিকে অগ্রসর ও ঘণীভূত হয়ে ঘূর্ণিঝড় ‘রোয়ানু’র রূপ নিয়েছে। বর্তমানে ঝড়টি সেখানেই অবস্থান করছে বলে বৃহস্পতিবার আবহাওয়া অধিদফতর থেকে জানানো হয়েছে।

ঘূর্ণিঝড়ের আশঙ্কায় চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে ৪ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে উপকূলের কাছাকাছি থাকতে বলা হয়েছে। সেই সঙ্গে গভীর সাগরে কোনও নৌযানকে বিচরণ না করতে বলা হয়েছে।

ঘূর্ণিঝড় কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর খুবই উত্তাল হয়ে উঠেছে উল্লেখ করে আবহাওয়া অধিদফতর জানায়, ঘূর্ণিঝড় কেন্দ্রের ৫৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৬২ কিলোমিটার যা দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে ৮৮ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে।

আবহাওয়া অধিদফতর আরও জানায়, নিম্নচাপটি ঘূর্ণিঝড়ের রূপ নিয়ে চট্টগ্রাম বন্দর থেকে ১৪২৫ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে, কক্সবাজার থেকে ১৩৯৫ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে, মংলা থেকে ১২৪৫ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে এবং পায়রা সমুদ্র বন্দর থেকে ১২৭৫ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থান করছে। এটি আরও ঘনীভূত হয়ে উত্তর-উত্তর পূর্ব দিকে অগ্রসর হচ্ছে। 

এদিকে আবহাওয়া অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আজ বৃহস্পতিবার সকাল ১০টা থেকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে খুলনা, বরিশাল, চট্টগ্রাম, সিলেট ও ঢাকা বিভাগের কোথাও কোথাও ভারি থেকে অতিভারি বর্ষণ হতে পারে। অতিভারি বর্ষণের কারণে চট্টগাম ও সিলেট বিভাগের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধসের আশঙ্কা রয়েছে।

আরও পড়ুন- 

স্কুল কমিটি বাতিল, শ্যামল কান্তি পদে বহাল

/এমও/এফএস/