বৌদ্ধ ধর্মমতে, আজ থেকে আড়াই হাজার বছর আগে এই দিনে মহামতি গৌতম বুদ্ধ আবির্ভূত হয়েছিলেন। তাঁর জন্ম, বোধিলাভ ও মহাপ্রয়াণ বৈশাখী পূর্ণিমার দিনে হয়েছিল বলে এর (বৈশাখী পূর্ণিমা) অপর নাম দেয়া হয় ‘বৌদ্ধ পূর্ণিমা’।
এ উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন। বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষে আজ শনিবার (২১ মে) সরকারি ছুটির দিন।
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন, প্রাচীনকাল থেকে বাংলার মাটি ও মানুষের সাথে বৌদ্ধদের ইতিহাস, ঐতিহ্য, সভ্যতা ও কৃষ্টি গভীরভাবে মিশে আছে। গৌতম বুদ্ধ স্থান-কাল-পাত্রের ঊর্ধ্বে ওঠে পৃথিবীর সব জীবের কল্যাণ ও সুখ কামনা করেন। পৃথিবীকে সুখী ও শান্তিপূর্ণ করে গড়ে তোলার জন্য তিনি নিরন্তর প্রয়াস চালান। ‘অহিংস পরম ধর্ম’ বুদ্ধের এই অমিয় বাণী আজও সমাজের জন্য সমভাবে প্রযোজ্য। আজকের এই অশান্ত ও অসহিষ্ণু বিশ্বে মূল্যবোধের অবক্ষয় রোধ ও সমাজে শান্তি প্রতিষ্ঠায় মহামতি বুদ্ধের জীবনাদর্শ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা গৌতম বুদ্ধের জন্ম, বোধিলাভ এবং মহাপ্রয়াণের স্মৃতি বিজড়িত পবিত্র বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে দেশের বৌদ্ধ সম্প্রদায়সহ দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন।
‘বুদ্ধ পূর্ণিমা সকলের জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধি বয়ে আনুক’- এ কামনা করে তিনি আজ এক বাণীতে আশা প্রকাশ করে বলেন, এ দেশের বৌদ্ধ সম্প্রদায় গৌতম বুদ্ধের আদর্শ ধারণ করে জ্ঞান, মেধা, কর্মদক্ষতা ও কৃতিত্বে নিজেদের আরও ঊর্ধ্বে তুলে ধরবেন।
যথাযথ ধর্মীয় ভাবগম্ভীর পরিবেশে এ ধর্মীয় উৎসব উদযাপনের লক্ষ্যে নানা কর্মসূচি হাতে নিয়েছে বৌদ্ধ সম্প্রদায়। দিবসটি উপলক্ষে বাংলাদেশ বুদ্ধিস্ট ফেডারেশন রাজধানীর মেরুল বাড্ডায় আন্তর্জাতিক বৌদ্ধ বিহারে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করবে। এ উপলক্ষে সকাল ১০টায় হয় বুদ্ধ পূজা ও সংঘদান। সন্ধ্যা সাড়ে ৬ টায় বাড্ডায় আন্তর্জাতিক বৌদ্ধ বিহারে বিশেষ ধর্মীয় আলোচনা সভা অনুষ্ঠিত হবে। আলোচনা সভায় সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জমান নূর প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন। সভায় বৌদ্ধদের সর্বোচ্চ ধর্মীয়গুরু সংঘরাজ ড. ধর্মসেন মহাথেরোর সভাপতিত্ব করবেন।
এর পর বিশ্ব শান্তি কামনায় প্রদীয় প্রজ্জ্বলন ও সমবেত প্রার্থনা শেষে বর্ণাঢ্য সাংস্কৃতি অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এর আগে বিকেলে বঙ্গভবনে রাষ্ট্রপতি আয়োজিত বৌদ্ধ নাগরিকদের জন্য আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে যোগদান করবেন তারা।
বাসাবো সবুজবাগ ধর্মরাজী বৌদ্ধ মহাবিহার বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষে সকাল ৮ টায় প্রভাত ফেরির আয়োজন করে। প্রভাত ফেরি বাসাবো বৌদ্ধমন্দিরের সামনে থেকে শুরু হয়ে মুগদা স্টেডিয়ামের সামনে গিয়ে শেষ হয়। এছাড়াও সমবেত প্রার্থনা, ধর্মীয় আলোচনা সভা ও বৌদ্ধ পূজা অনুষ্ঠিত হবে।
বিকেলে বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষে সবুজবাগ বৌদ্ধবিহার মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি থাকবেন সাবের হোসেন চৌধুরী এমপি। সভায় সভাপতিত্বে করবেন শুদ্ধানন্দ মহাথেরো।
বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষে বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা বৌদ্ধ সম্প্রদায়কে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। বৌদ্ধ‘সম্প্রদায়ের নেতৃবৃন্দও দেশবাসীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। সূত্র: বাসস।
/এফএস/