এমআরপি প্রকল্প কর্মকর্তার কাছেই ঘুষ দাবি: বরিশালে ৪ পুলিশ সদস্য ক্লোজড

বরিশালবরিশালে মেশিন রিডেবল পাসপোর্ট (এমআরপি) প্রকল্পের সঙ্গে জড়িত নৌবাহিনীর এক কর্মকর্তার কাছে ঘুষ চাওয়ার অভিযোগে পাসপোর্ট অফিসে দায়িত্বরত ৪ পুলিশ সদস্যকে ক্লোজড করা হয়েছে।

রবিবার বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনারের আদেশে তাদের বিরুদ্ধে এই শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়।

পাসপোর্ট অফিস থেকে তাদের ওইদিনই বরিশাল পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে।

মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র সহকারী কমিশনার আবু সাঈদ জানান, লিখিত অভিযোগের ভিত্তিতে ৪ চার পুলিশ সদস্যকে সেখান থেকে সরিয়ে নেওয়া হয়েছে। পুরো বিষয়টি তদন্ত করে পরবর্তীতে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।

অভিযুক্ত পুলিশ সদস্যরা হলেন, এসআই এবি উজ্জ্বল, নায়েক হাবিব, কনস্টেবল ইমামুল এবং কনস্টেবল মোস্তফা।

বরিশাল পাসপোর্ট অফিসের উপ-পরিচালক সুমনা শারমীন শাওন জানান, পুলিশ সদস্যদের বিরুদ্ধে অভিযোগ ওঠায় ব্যবস্থা নিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে সুপারিশ চাওয়া হলে তারা ব্যবস্থা নিয়েছে।

পাসপোর্ট অফিস সূত্র জানায়, রবিবার ঢাকাস্থ মেশিন রিডেবল পাসপোর্ট (এমআরপি) প্রজেক্টের সহকারী ব্যবস্থাপনা প্রকৌশলী নৌবাহিনীর লে. জাওয়াদ হাবিব চৌধুরী পাসপোর্ট অফিসে প্রবেশের সঙ্গে সঙ্গে সেখানকার দায়িত্বরত পুলিশের নায়েক হাবিব তাকে ডাক দেয়।

এ সময় লে. জাওয়াদ কারণ জানতে চাইলে নায়েক হাবিব জানান, বাড়তি টাকা দিলে তিনি ঝামেলা ছাড়াই (হাবিব) পাসপোর্ট করিয়ে দিতে পারবেন। কারণ তার সঙ্গে পাসপোর্ট অফিসের অফিস সহায়ক মাইনুলের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। সুতরাং টাকা দিলেই কয়েক দিনের মধ্যেই পাসপোর্ট পেয়ে যাবেন।

এ সময় তার সঙ্গে যোগ দেন সেখানকার দায়িত্বরত এসআই এবি উজ্জ্বল, কনস্টেবল ইমামুল এবং কনস্টেবল মোস্তফা।

বিষয়টি লে. জাওয়াদ পরবর্তীতে লিখিতভাবে পাসপোর্ট অফিসের উপ-পরিচালককে অবহিত করেন। উপ-পরিচালক বিষয়টি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করলে ওই চার পুলিশ সদস্যকে বরিশাল পুলিশ লাইনস্-এ ক্লোজড করে নতুন সদস্যদের দায়িত্ব দেওয়া হয়।
/টিএন/আপ-এসএনএইচ/
 আরও পড়তে পারেন: 
জলবাযু পরিবর্তন: দুর্যোগ ঝুঁকিতে খুলনার উপকূলবর্তী ৩ লাখ মানুষ
ধর্ষণ মামলা করায় কিশোরীকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ