চট্টগ্রামে আজ ১৪ দলের সমাবেশ

১৪ দল

বিএনপি-জামায়াত জোটের অব্যাহত গুপ্তহত্যা, সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে আজ মঙ্গলবার বিকাল ৩টায় চট্টগ্রামে ১৪ দলের এক সমাবেশ অনুষ্ঠিত হবে। লালদিঘী ময়দানে এ সমাবেশ হওয়ার কথা।

আওয়ামী লীগের উপ-দফতর সম্পাদক মৃণাল কান্তি দাস স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা বলা হয়েছে। এতে বলা হয়েছে, জঙ্গিবাদ, জঙ্গিবাদী তৎপরতা, গণতন্ত্র, উন্নয়ন স্থিতিশীলতা ও ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে দেশবিরোধী চক্রান্ত এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে মিথ্যাচারের প্রতিবাদে এই গণসমাবেশের আয়োজন করা হয়েছে।

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি ও ১৪ দলের নেতা এবিএম মহিউদ্দিন চৌধুরী গণসমাবেশে সভাপতিত্ব করবেন।

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

এছাড়াও আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. বদিউজ্জামান ভুঁইয়া ডাবলু, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, বাংলাদেশ তরিকত ফেডারেশনের সভাপতি নজিবুল বশর মাইজভাণ্ডারী, জাতীয় পার্টি জেপি সাধারণ সম্পাদক শেখ শহীদুল ইসলাম প্রমুখ উপস্থিত থাকবেন। খবর বাসস।

আরও পড়ুন: যশোরের শার্শায় চেয়ারম্যান প্রার্থীসহ ১০ আ.লীগ নেতা বহিষ্কার

/এসটি/