‘প্রাথমিক নয়, মাধ্যমিক পর্যন্ত পড়তে হবে সবাইকে’

আমরা ইতোমধ্যে শতভাগ মানুষকে প্রাথমিক শিক্ষায় শিক্ষিত করেছি। এখন আর প্রাথমিক নয়, অনন্ত মাধ্যমিক পর্যন্ত সবাইকে শিক্ষা অর্জন করতে হবে বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।

বুধবার সকালে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে জাতীয় শিক্ষা সপ্তাহ-২০১৬ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

অর্থমন্ত্রী বলেন, ‘শিক্ষা গ্রহণের ক্ষেত্রে যারা পিছিয়ে পড়বে তাদেরকে সামাজিক ও রাষ্ট্রীয়ভাবে আমাদের সবাইকে মিলে টেনে তুলে এগিয়ে নিতে হবে।’

শিক্ষায় বর্তমান সরকারের মনোযোগ বেশি উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘শিক্ষার ক্ষেত্রে আমাদের সরকার সবচেয়ে বেশি মনযোগী। প্রধানমন্ত্রী চান স্নাতক পর্যন্ত বিনামূল্যে শিক্ষা। বর্তমানে অর্থনৈতিক কিছু সমস্যা আছে। কয়েক বছর পর সেটি কেটে যাবে।  আগামী বাজেটে শিক্ষায় বরাদ্দ বাড়বে।’

তিনি বলেন, শিক্ষাই হলো জাতির উন্নয়নের মূলমন্ত্র। এটি বাস্তবায়নে সবাইকে কাজ করতে হবে। সুযোগ পেলেই সেটির প্রসারে কাজ করতে হবে। বর্তমানে সে সুযোগও রয়েছে যথাযথ।

অন্যদিকে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেন, ‘আমরা প্রধানমন্ত্রীর স্বপ্ন অনুযায়ী উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছি। আমরা প্রযুক্তিগত জ্ঞানে এগিয়ে যেতে চাই এবং সে লক্ষ্যে কাজ করছি।

তিনি বলেন, নারী শিক্ষায় ইতোমধ্যে বিপ্লব সৃষ্টি হয়েছে। আগামী ৬-৭ বছরের মধ্যে সে জায়গায়ও সমতা অর্জন করতে পারবো।

তিনি আরও বলেন, ‘শিক্ষকরা আগের চেয়ে বেশি অর্থ পাচ্ছেন। আশা করি তাদের জীবন আগের চেয়ে অনেক উন্নত হবে। তবে তুলনামূলকভাবে আমরা এখনও শিক্ষার মান অর্জন করতে পারিনি।’

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন শিক্ষা সচিব সোহরাব হোসাইন। এছাড়া মাউশির মহাপরিচালক ফাহিমা খাতুন ফাহিমা খাতুন বক্তব্য রাখেন।

/আরএআর/এসটি/