জি-সেভেন আউটরিচ বৈঠকে আজ বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনাজাপানের  ইশেশিমা দ্বীপে শুরু হতে যাওয়া শিল্পোন্নত দেশগুলোর সম্মেলন জি-সেভেন এর আউটরিচ বৈঠকে আজ শুক্রবার (২৭ মে) বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।  এছাড়া জি-সেভেন আউটরিচ লিডারদের সঙ্গে প্রধানমন্ত্রী আজ ওয়ার্কিং লাঞ্চে অংশ নেবেন এবং সেখানে বক্তৃতা করবেন। একইসঙ্গে আজ ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের সঙ্গেও বৈঠক করবেন।

শুক্রবার দিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিমা কানকো হোটেলে জি-সেভেন সম্মেলনের আউটরিচ অনুষ্ঠানে যোগ দেবেন এবং সেখানে বক্তব্য প্রদান করবেন।

জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে’র আমন্ত্রণে ৪ দিনের সরকারি সফরে বৃহস্পতিবার সন্ধ্যায় জাপান পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুদিনব্যাপী জি-সেভেন সম্মেলনের অংশ হিসেবে আউটরিচ বৈঠকটি মধ্য জাপানের মনোরম দ্বীপ ইশেশিমায় আজ অনুষ্ঠিত হবে।

প্রধানমন্ত্রী এবং তাঁর সফরসঙ্গীদের নিয়ে বাংলাদেশ বিমানের একটি ভিভিআইপি ফ্লাইট সন্ধ্যা ৭টা ৫ মিনিটে (জাপানের স্থানীয় সময়) নাগোয়ার চুবু সেন্ট্রেইর আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। জাপানে বাংলাদেশের রাষ্ট্রদূত রাবাব ফাতিমা এবং জাপানের পররাষ্ট্র বিষয়ক পার্লামেন্টারি ভাইস মিনিস্টার মিকি ইয়ামাদা বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানান। সেখানে জাপানের সশস্ত্র বাহিনীর একটি সুসজ্জিত দল প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার দেয়। বিমানবন্দর থেকে প্রধানমন্ত্রীকে সুসজ্জিত মোটর শোভাযাত্রাসহ হোটেল হিল্টন নাগোয়ায় নিয়ে যাওয়া হয়। জাপান সফরকালে প্রধানমন্ত্রী সেখানেই অবস্থান করবেন।

এর আগে সকাল ১০টা ১০ মিনিটে প্রধানমন্ত্রী এবং তাঁর সফরসঙ্গীদের বহনকারী বাংলাদেশ বিমানের ভিভিআইপি ফ্লাইটটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জাপানের নাগোয়ার উদ্দেশে ছেড়ে যায়। প্রধানমন্ত্রীর ছোট বোন শেখ রেহানা এবং পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলী প্রধানমন্ত্রীর সঙ্গে রয়েছেন।

সফরসূচির অংশ হিসেবে শনিবার (২৮ মে) প্রধানমন্ত্রী শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মৈত্রীপালা সিরিসেনার সঙ্গে বৈঠক করবেন। জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে’র সঙ্গেও এদিন তাঁর বৈঠকের কথা রয়েছে। পরে প্রধানমন্ত্রী জাপানের রাজধানী টোকিও’র উদ্দেশে ট্রেনে নাগোয়া ত্যাগ করবেন। সন্ধ্যায় তিনি টোকিওতে নবনির্মিত বাংলাদেশ চ্যান্সেরি কমপ্লেক্স উদ্বোধন করবেন।

রবিবার সকালে প্রধানমন্ত্রী জাপানি ব্যবসায়ী নেতাদের সঙ্গে প্রাতরাশ বৈঠকে মিলিত হবেন। সেখানে বাংলাদেশের ব্যবসায়ী নেতাদের সংস্থা এফবিসিসিআই এবং জাপানের ব্যবসায়ী নেতাদের সংস্থা ’জেটরো’র মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর হবে। বিকেলে প্রধানমন্ত্রী জাপান প্রবাসী বাংলাদেশিদের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেবেন।

সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাপানের হেনাদা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে বিমানের একটি ফ্লাইটে টোকিও ত্যাগ করবেন।

উল্লেখ্য, বাংলাদেশ ছাড়াও লাও পিডিআর (লাওস), ভিয়েতনাম, ইন্দোনেশিয়া, পাপুয়া নিউগিনি, শ্রীলঙ্কা এবং চাঁদকে জি-সেভেন এর আউটরিচ বৈঠকে অংশ নেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।

শিল্পোন্নত জি-সেভেন গ্রুপের সদস্যরা হচ্ছে- কানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র। এছাড়া বৈঠকে ইউরোপীয় ইউনিয়নও প্রতিনিধিত্ব করবে। সূত্র: বাসস।

আরও পড়ুন- 

হাসিনা হাত বাড়ালেন, এবার পালা মমতার
জি৭ সম্মেলনে আশঙ্কা: ব্রেক্সিটে ঝুঁকিতে পড়বে বৈশ্বিক প্রবৃদ্ধি

/এফএস /এএইচ /