সার্ক দেশগুলোর প্রবাসে কর্মরতদের রেমিটেন্স দেশে পাঠানোর লক্ষ্যে এ অঞ্চলে একটি কমন প্ল্যাটফর্ম গড়ে তোলার প্রস্তাব করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাপানের নাগোয়াতে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনার সঙ্গে এক বৈঠকে এ প্রস্তাব দেন।
তিনি বলেন, সার্ক দেশগুলো এ অঞ্চলে রেমিটেন্সে সরবরাহে একটি কমন প্ল্যাটফর্ম সৃষ্টি করতে পারে।
জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবের আমন্ত্রণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং শ্রীলঙ্কার প্রেসিডেন্ট সিরিসেনা শিল্পোন্নত শীর্ষ অর্থনীতির দেশগুলোর জি-৭ সম্মেলনে যোগ দিয়েছেন।
বৈঠকের পর সাংবাদিকদের ব্রিফিংকালে ইআরডি’র সিনিয়র সচিব মেজবাহউদ্দিন বলেন, বৈঠকে কলম্বোতে ফিনান্সিয়াল সেন্টার প্রতিষ্ঠার বিষয়ে বাংলাদেশ তার আগ্রহের কথা জানায়।
তিনি বলেন, বৈঠকে শ্রীলঙ্কার প্রেসিডেন্টের কাছে এই অর্থনৈতিক কেন্দ্র স্থাপনের কলাকৌশল বিনিময় করার অনুরোধ করা হয়েছে। যাতে করে প্রয়োজনে পরীক্ষা-নিরীক্ষার পর বাংলাদেশও এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পারে।
বৈঠকে প্রধানমন্ত্রী শ্রীলঙ্কায় বন্যায় ক্ষতিগ্রস্থদের সাহায্যার্থে একশ কোটি টাকা আর্থিক সাহায্য দেওয়ার ঘোষণা দেন।
মুখ্য সচিব আবুল কালাম আজাদ বলেন, প্রধানমন্ত্রী বাংলাদেশ থেকে পাটজাত পণ্য এবং ফার্মাসিউটিক্যাল সামগ্রী আমদানিতেও শ্রীলঙ্কার প্রেসিডেন্টের প্রতি আহ্বান জানান।
সিরিসেনা ঢাকা-কলম্বো রুটে বাংলাদেশ বিমানের ফ্লাইট পুনরায় চালুর জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে প্রধানমন্ত্রীকে অনুরোধ জানান।
পররাষ্ট্র সচিব শহীদুল হক আরও জানান, শ্রীলঙ্কার প্রেসিডেন্ট আগামী ডিসেম্বরে বাংলাদেশ সফর করবেন বলে আশা করা হচ্ছে। খবর বাসস।
আরও পড়ুন: সাফাদির সঙ্গে আমার কোনও সাক্ষাৎ হয়নি: জয়
/এসটি/