ঈদে ই-টোকেন ছাড়াই ভারতীয় ট্যুরিস্ট ভিসার আবেদন

ভিসা ক্যাম্পের ম্যাপভারতীয় হাই কমিশন আসন্ন ঈদের ছুটি উপলক্ষে প্রথমবারের মতো বাংলাদেশি নাগরিকদের জন্য ঈদ ভিসা ক্যাম্প আয়োজন করেছে। আগামী ৪ থেকে ১৬ জুন এ ক্যাম্পে ভিসা আবেদনকারীরা অগ্রিম সাক্ষাতের তারিখ/ই-টোকেন ছাড়াই তাদের সরাসরি ট্যুরিস্ট ভিসার আবেদন জমা দিতে পারবেন। সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে ঢাকাস্থ ভারতীয় হাই কমিশন এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, যেসব বাংলাদেশি নাগরিকের সাক্ষাতের তারিখ/ই-টোকেন নেই শুধু তাদের ট্যুরিস্ট ভিসার আবেদন জমা নেওয়ার জন্য এই ঈদ ক্যাম্পের আয়োজন করা হচ্ছে।

এ সম্পর্কিত আরও খবর: ভিসা আবেদনকারীদের সাক্ষাতের তারিখ এসএমএসে জানাবে ভারতীয় দূতাবাস

ঈদ ভিসা ক্যাম্প ভারতীয় হাই কমিশনের নতুন চ্যান্সেরি কমপ্লেক্স ১-৩ জাতিসংঘ সড়ক, বারিধারায় ৪-১৬ জুন  (১০ জুন  ছাড়া) সকাল ৮টা থেকে দুপুর ২ টা পর্যন্ত চলবে। পার্ক রোডের চ্যান্সেরি গেট দিয়ে ক্যাম্পে প্রবেশ করতে হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বর্তমানে ঢাকা, খুলনা, বরিশাল ও ময়মনসিংহ বিভাগে বসবাসকারী নাগরিকদের জন্য এ ক্যাম্প খোলা থাকবে। আবেদনকারীদের সশরীরে উপস্থিত হয়ে  আবেদন জমা দিতে হবে। তবে একসঙ্গে ভ্রমণেচ্ছু পরিবারের সদস্যদের পক্ষে একজন আবেদন জমা দিতে পারবেন।

যে-সব আবেদনকারীর সাক্ষাতের তারিখ আছে তারা ঢাকার গুলশান, ধানমণ্ডি, উত্তরা ও মতিঝিল এবং ঢাকার বাইরে বরিশাল, ময়মনসিংহ ও খুলনায় আইভিএসি কেন্দ্রে নির্ধারিত ফি ৬০০ টাকাসহ ভিসার আবেদন জমা দিতে পারবেন। মেডিক্যাল, বিজনেস, ও অন্যান্য ভিসা বিভাগের আবেদনপত্র সংশ্লিষ্ট আইভিএসি কেন্দ্রসমূহে গৃহীত হবে।

বিস্তারিত বা যে কোনও ধরনের আইভিএসি হেল্পলাইন ০৯৬১২ ৩৩৩৬৬৬ এবং ০৯৬১৪ ৩৩৩৬৬৬ নম্বরে ফোন করা যাবে। এছাড়া ভারতীয় হাইকমিশনের ওয়েবসাইটেও (www.hcidhaka.gov.in) বিস্তারিত তথ্য জানা যাবে।

আরও পড়ুন:

/এএ/এমএনএইচ/