ঘূর্ণিঝড় রোয়ানু আঘাতে ক্ষতিগ্রস্ত প্রায় ৮ হাজার মানুষের জন্য ত্রাণ সহযোগিতা হিসেবে কানাডা প্রায় ১ কোটি ৫৫ লাখ ৫০ হাজার টাকা দিয়েছে। রোয়ানু ২১ মে বাংলাদেশের উপকূল সংলগ্ন অঞ্চলে আঘাত হানলে ১০ লাখ ২০ হাজারেরও বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে।
রবিবার ঢাকাস্থ কানাডিয়ান হাইকমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তি এ কথা জানানো হয়। কানাডিয়ান হাইকমিশনার জানিয়েছেন, বাংলাদেশে ঘূর্ণিঝড় রোয়ানুর আঘাতে ক্ষতিগ্রস্তদের মাঝে কানাডার আর্থিক সহযোগিতা বিতরণের কাজ চলছে।
বাংলাদেশে কর্মরত আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থা প্লান ইন্টারন্যাশনাল ও ইন্টারন্যাশনাল ফেডারেশন অব রেডক্রস অ্যান্ড রেড ক্রিসেন্ট সোসাইটিজ (আইএফআরসি) এ দু’টি প্রতিষ্ঠানের মাধ্যমে কানাডা সরকার রোয়ানু আক্রান্তদের জন্য ২ লাখ ৯২ হাজার ৫০০ বেশি কানাডিয়ান ডলারের সমমানের ত্রাণ সহায়তা প্রদান করছে।
একই সঙ্গে আইএফআরসি’র মাধ্যমে ৩০,০০০ কানাডিয়ান ডলার অনুদান সহায়তার মাধ্যমে প্রায় আড়াই হাজার ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে নগদ অর্থ বিতরণ, জরুরি আশ্রয় এবং নিরাপদ পানির ব্যবস্থাকরণের কাজও করা হচ্ছে। খবর বাসস।
আরও পড়ুন: ভাড়াটিয়া তথ্য ফরমের ভিত্তিতে গ্রেফতার: পুলিশ
/এসটি/