সিলেট বিমানবন্দর-সালুটিকর-কোম্পানিগঞ্জ-ভোলাগঞ্জ সড়কের নির্মাণ কাজ শুরুর লক্ষে মঙ্গলবার দুপুরে রাজধানীর একটি হোটেলে সড়ক ও জনপথ (সওজ) অধিদফতর এবং ঠিকাদারি প্রতিষ্ঠানের মধ্যে চুক্তি সই হয়েছে। চুক্তিপত্রে সওজের সিলেট জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী ও প্রকল্প পরিচালক ইফতেখার কবির এবং ঠিকাদারি প্রতিষ্ঠান স্পেক্ট্রা ইঞ্জিনিয়ার্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক খান মোহাম্মদ আফতাব উদ্দিন নিজ নিজ পক্ষে সই করেন।
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবং শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এ সময় উপস্থিত ছিলেন।
সড়ক উন্নয়নে সই হওয়া দু’টি প্যাকেজের আওতায় প্রায় ৩০ কিলোমিটার সড়ক বাঁধ, ১৩ কিলোমিটার সড়ক রিজিড পেভমেন্ট, ১৭ কিলোমিটার ফ্লেক্সিবল পেভমেন্ট, একটি সেতু ও দু’টি কালভার্ট এবং প্রায় ৩০ কিলোমিটার ফুটপাতসহ ড্রেন নির্মাণ করা হবে। চুক্তি অনুযায়ী ৩৪ মাসের মধ্যে সড়ক উন্নয়নের কাজ শেষ করবে ঠিকাদারি প্রতিষ্ঠান।
অনুষ্ঠানে অর্থমন্ত্রী বলেন, সিলেট-ভোলাগঞ্জ সড়ক দিয়ে পাথর পরিবহন করা হয়। তাই সড়কটিকে মজবুত করে নির্মাণ করতে হবে। সড়কটির উন্নয়ন কাজ নির্ধারিত সময়ে শেষ করার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, জাতীয় স্বার্থে এ সড়কের প্রয়োজনীয় বরাদ্দ নিশ্চিত করা হবে।
মন্ত্রী প্রকল্প বাস্তবায়নকালে স্থানীয় জনপ্রতিনিধিদের কাজের গুণগত মান নিশ্চিত করার বিষয়ে খোঁজখবর রাখার পরামর্শ দেন। অর্থমন্ত্রী বলেন, যে কোনও সড়ক-মহাসড়ক নির্মাণকাজ শেষ হওয়ার পর থেকে পরবর্তী তিন বছর রক্ষণাবেক্ষণের দায়িত্ব থাকবে সংশ্লিষ্ট ঠিকাদারের ওপর। এ বিষয়টি সরকার নিশ্চিত করতে চায়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এমরান আহম্মেদ এমপি, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এমএএন ছিদ্দিক, জাতিসংঘে বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত ড. একেএ মোমেন, সড়ক ও জনপথ অধিদফতরের প্রধান প্রকৌশলী ইবনে হাসান আলম, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মেজবাহ উদ্দিন সিরাজ, সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান প্রমুখ।
আরও পড়ুন-
বাজেট অধিবেশন শুরু হচ্ছে বুধবার
জমি কেনার জন্য টাকা পেলেন আবুল বাজানদার
/ওএফ/এফএস/