বন্ধ থাকা বেসরকারি শিক্ষক নিয়োগ শুরু হচ্ছে

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)দীর্ঘ ৭ মাস ধরে বন্ধ থাকা এন্ট্রি লেভেলের শিক্ষক নিয়োগের প্রক্রিয়া আবার চালু হচ্ছে। এ বিষয়ে সোমবার বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) একটি বিজ্ঞপ্তি জারি করেছে।
এতে জানানো হয়েছে, শিক্ষক নিয়োগ দিতে হলে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে নিবন্ধন করতে হবে। যেসব শিক্ষা প্রতিষ্ঠান ইতোমধ্যে নিবন্ধন সম্পন্ন করেছে, সেসব শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে শূন্য শিক্ষক নিয়োগ করতে হলে এখন থেকে আনলাইনে এনটিআরসিএ’র কাছে চাহিদা পেশ করতে হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ৩০ জুনের মধ্যে নিবন্ধন কর্তৃপক্ষের কাছে শূন্য পদগুলোর জন্য প্রতিষ্ঠানগুলোকে চাহিদা পেশ করতে হবে। এছাড়া আগ্রহী প্রার্থীদের ২৮ জুলাই এর মধ্যে সংশ্লিষ্ট পদে অনলাইনে আবেদন করতে হবে।
এর আগে, নিয়োগ বাণিজ্য ঠেকাতে গত বছরের ২১ অক্টোবর দেশের সব বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক নিয়োগের জন্য মেধার ভিত্তিতে প্রার্থী বাছাই করতে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যায়ন কর্তৃপক্ষকে (এনটিআরসিএ) দায়িত্ব দেয় শিক্ষা মন্ত্রণালয়। এ কার্যক্রম শুরুর পূর্বশর্ত হিসেবে এনটিআরসিএ’র পক্ষ থেকে সংশ্লিষ্ট বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোর অনলাইনে রেজিস্ট্রেশন কার্যক্রম গ্রহণ করা হয়।

এদিকে শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, দেশে বর্তমানে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরে এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে ২৮ হাজার ৩৮৩টি। এর বাইরেও কয়েক হাজার শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে উঠেছে। এসব প্রতিষ্ঠানে প্রায় ৫০ হাজার শিক্ষকের পদ খালি রয়েছে। এ পর্যন্ত ১২টি নিবন্ধন পরীক্ষার মাধ্যমে ছয় লাখ প্রার্থী শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ হলেও তাদের মধ্যে ৬৪ হাজার ৩২২ জন শিক্ষক হিসেবে নিয়োগ পেয়েছেন। 

আরও পড়ুন: 'মধ্যপ্রাচ্যে সাধারণ ক্ষমায় লাখো বাংলাদেশি উপকৃত'

/আরএআর /এএইচ/

/আপ: এইচকে/