ফের ৫ দিনের রিমান্ডে আসলাম চৌধুরী

আসলাম চৌধুরীরাষ্ট্রদ্রোহ মামলায় বিএনপির যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরীকে ফের ৫ দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন আদালত। ঢাকা মহানগর হাকিম মাহমুদুল হাসান বুধবার (৮ জুন) দুপুরে শুনানি শেষে জামিন নামঞ্জুর করে ৫ দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেন। ২৬ মে রাষ্ট্রদ্রোহের অভিযোগে তার বিরুদ্ধে মামলাটি দায়ের করেন ডিবি পুলিশের পরিদর্শক গোলাম রব্বানী।
গুলশান থানায় দায়ের করা মামলার সুষ্ঠু তদন্তের জন্য ৭ দিনের রিমান্ড আবেদন করেন ডিবি পুলিশের পরিদর্শক ফজলুল হক। এ সময় রাষ্ট্রপক্ষের আইনজীবী আব্দুল্লাহ আবু আদালতকে বলেন, ‘আসলাম চৌধুরী সরকার উৎখাতের ষড়যন্ত্র করতে ভারতে যান। এবং ইসরায়েলি গোয়েন্দা সংস্থা ‘মোসাদ’র এজেন্টের সঙ্গে গোপন বৈঠক করেন। এ ঘটনার মূল রহস্য উদঘাটনের জন্য তাকে আরও ৭ দিনের রিমান্ডে নেওয়া প্রয়োজন।
অপরদিকে আসামি পক্ষের আইনজীবী সানাউল্লাহ মিয়া রিমান্ডের বিরোধিতা করে আদালতকে বলেন, ‘আসলাম চৌধুরী ব্যবসায়িক কাজে ভারতে গিয়েছিলেন। মোসাদের সঙ্গে তিনি কোনও গোপন বৈঠক করেননি।’
ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদ এর এজেন্টের সঙ্গে ভারতে সরকারবিরোধী বৈঠকের অভিযোগে ১৫ মে গ্রেফতার করা হয় আসলাম চৌধুরীকে। এরপর তাকে প্রথম ও দ্বিতীয় দফায় ৭ দিন করে ১৪ দিন রিমান্ডে নেওয়া হয়। দু’দফা রিমান্ড শেষে তৃতীয় দফায় ফের ৫ দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দেন বিচারক।

আরও পড়ুন: 

বাজেট আলোচনায় বক্তা নেই‍, আগেভাগে অধিবেশন মুলতবি
‘যারা পরিবারের ক্ষতি করছে তাদের হিসাব পাই পাই করে নেবো’

/ইউআই /এপিএইচ/