কলেজে ভর্তির তালিকা ওয়েবসাইটে প্রকাশ

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদএকাদশ শ্রেণিতে ২০১৬-১৭ শিক্ষাবর্ষে ভর্তির জন্য আবেদনকারীদের মধ্যে নির্বাচিতদের তালিকা প্রকাশ করা হয়েছে। কে কোন কলেজে ভর্তির জন্য মনোনিত হয়েছেন সেই খবর এসএমএস অথবা ওয়েবসাইটের মাধ্যমেই জানা যাবে। ভর্তি সংক্রান্ত সকল তথ্য পাওয়া যাবে এই ঠিকানায় www.xiclassadmission.gov.bd । বৃহস্পতিবার (১৬ জুন) দুপুরে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এই ওয়েবসাইট উদ্বোধন করেন। রোল, বোর্ড, পাসের সাল ও রেজিস্ট্রেশন নম্বর দিয়ে শিক্ষার্থীরা ওয়েবসাইট থেকে নিজেদের অবস্থান দেখতে পারবেন।

বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে নিজ দফতরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ঢাকা বোর্ডের একজন শিক্ষার্থীর ফল দেখে মেধাতালিকার এই ওয়েবসাইট উদ্বোধন করেন।

তিনি বলেন, ভর্তির সময় শিক্ষার্থীরা খুব চাপে থাকে। অভিভাবকরাও আশঙ্কায় থাকেন। এই ব্যবস্থা প্রবর্তনের মাধ্যমে আশা করি শিক্ষার্থী ও অভিভাবকদের সেই আশঙ্কা দূর হবে। নির্দিষ্ট প্রক্রিয়া অনুসরণ করে ঘরে বসেই জানতে পারবেন কে কোন প্রতিষ্ঠানে ভর্তির সুযোগ পেলেন। একজন শিক্ষার্থী কোনও কলেজে ভর্তির হওয়ার পর যদি দেখেন তার পছন্দের কলেজে আসন ফাকা হয়েছে, তাহলে তিনি তার পছন্দের কলেজেও ভর্তি হতে পারবেন। এ ক্ষেত্রে প্রথমবার ভর্তি হওয়া কলেজ থেকে তাকে ভর্তি প্রত্যাহার করতে হবে। ভর্তি নিয়ে প্রতারণার আশঙ্কা উড়িয়ে দিচ্ছি না। তবে আমরা সতর্ক আছি বলেও জানান তিনি।

শিক্ষামন্ত্রী জানান, আসনের বিপরীতে নির্বাচিত শিক্ষার্থীদের ভর্তি নিশ্চিত করতে হবে ১৮ থেকে ২২ জুনের মধ্যে। অপেক্ষমান তালিকা থেকে নির্বাচিত শিক্ষার্থী ভর্তি হতে হবে ২৫ থেকে ২৭ জুন। অবশিষ্ট আসনে অপেক্ষমান তালিকা থেকে ভর্তি ২৮ থেকে ৩০ জুন। ক্লাস শুরু ১০ জুলাই। বিলম্ব ফিসহ ভর্তির সময় ১০ থেকে ২০ জুলাই।

গত ২৬ মে থেকে ১০ জুন একাদশে ভর্তির আবেদন নেওয়া হয়। এবার অনলাইনের মাধ্যমে সর্বোচ্চ ১০টি এবং এসএমএসের মাধ্যমে ১০টিসহ মোট ২০টি কলেজে আবেদনের সুযোগ ছিল। একজন আবেদনকারী যতটি আবেদন করেছেন, সার্ভারে ততটি আবেদন গণনা করা হয়েছে।

মন্ত্রী বলেন, সাধারণ শিক্ষা বোর্ড, মাদরাসা শিক্ষা বোর্ড ও কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে ৯ হাজার ৮৫টি। এসব প্রতিষ্ঠানে আসন রয়েছে ২১ লাখ ১৪ হাজার ২৫৬টি। এ বছর এসএসসি ও সমমানের পরীক্ষায় পাস করেছেন ১৪ লাখ ৫৫ হাজার ৩৬৫ জন। এদের মধ্যে ভর্তির জন্য আবেদন করেছেন ১৩ লাখ ১ হাজার ৯৯ জন। সুতরাং এবার অনেক আসন খালিই থেকে যাবে।

তিনি আরও জানান, ৪৮টি শিক্ষা প্রতিষ্ঠানে এবার ভর্তির আবেদন পড়েনি। এগুলোর মধ্যে ৩৬টি প্রতিষ্ঠান কারিগরি বোর্ডের, ১০টি মাদরাসা বোর্ডের এবং একটি ঢাকা শিক্ষা বোর্ডের ও একটি রাজশাহী বোর্ডের।

আরও পড়ুন- 

না. গঞ্জে আ.লীগ অফিসে বোমা হামলার ১৫ বছর: বিচার চলছে ধীর গতিতে
জঙ্গিবিরোধী অভিযান চলবে, বাড়ছে না বিশেষ অভিযানের মেয়াদ

/ওএফ/আরএআর/এনএস/এমও/এফএস/