কারাগারে বন্দিদের ঘুমানোর জায়গা ৩৬ বর্গফুট: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রীজেল কোড অনুযায়ী কারাগারে প্রতি বন্দির ঘুমানোর জন্য ৩৬ বর্গফুট জায়গা বরাদ্দ আছে বলে সংসদকে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। একইসঙ্গে তিনি জানান, দেশের প্রতিটি কারাগারে ধারণ ক্ষমতার দুই থেকে তিনগুণ বন্দি অবস্থান করছেন।
রবিবার জাতীয় সংসদে টেবিলে উত্থাপিত প্রশ্নোত্তর পর্বে মুহাম্মদ মিজানুর রহমানের প্রশ্নের জবাবে তিনি সংসদকে এ তথ্য জানান।
বন্দি আবাসন সমস্যা দূর করতে বর্তমান সরকার উন্নয়ন প্রকল্পের আওতায় কারাগারগুলো পুনঃনির্মাণে ব্যাপক উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়ন করছে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী কারাগারের অব্যবস্থাপনা দূর ও সেবার মান বৃদ্ধিতে বর্তমান সরকারের নেওয়া উন্নয়ন কর্মকাণ্ডগুলো তুলে ধরেন।
অপর এক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, বাংলাদেশের মোট ৪ হাজার ৪২৭ কিলোমিটোর সীমান্তের মধ্যে ৪১৫৬ কিলোমিটার সীমান্ত ভারতের সঙ্গে এবং ২৭১ কিলোমিটার সীমান্ত মিয়ানমারের সঙ্গে। তিনি জানান, মিয়ানমারের সঙ্গে সীমান্ত নিয়ে কোনও স্থানে কোনও বিরোধ নেই। ভারতের সঙ্গেও বর্তমানে কোনও সীমান্ত বিরোধ নেই। ভারতের সঙ্গে ছিটমহল, অপদখলীয় ভূমি, অচিহ্নিত সীমানা ইত্যাদি বিষয়ে যে বিরোধ ছিল তা ১৯৭৪ সালে মুজিব-ইন্দিরা চুক্তি এবং ২০১১ সালের প্রটোকল বাস্তবায়নের মাধ্যমে নিষ্পত্তি করা হয়েছে। ইতোমধ্যে ফেনীর মুহুরী নদী এলাকা ছাড়া সব সীমান্ত এলাকায় সীমানা পিলার স্থাপন সম্পন্ন হয়েছে।
পিএইচসি/এজে