পাকিস্তান থেকে ন্যায্য হিস্যা আদায়ে সরকার বদ্ধপরিকর: পররাষ্ট্রমন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী (ফাইল ফটো)পাকিস্তানের কাছ থেকে ন্যায্য হিস্যা আদায়ে সরকার সব কিছুই করবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। বাংলাদেশের ন্যায্য পাওনা আদায়ে বর্তমান সরকার বদ্ধপরিকর। পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের দেনা-পাওনা,অর্থাৎ উত্তরসূরি রাষ্ট্র হিসেবে অবিভাজিত সম্পদে বাংলাদেশের ন্যায্য হিস্যা আদায়, বাংলাদেশের পক্ষ হতে পাকিস্তানের কাছে দীর্ঘ অমীমাংসিত গুরুত্বপূর্ণ ইস্যুগুলোর একটি। বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে অনুষ্ঠিত সব আনুষ্ঠানিক বৈঠকে বাংলাদেশের পক্ষ হতে পাওনার বিষয়টি পাকিস্তানের কাছে জোরালোভাবে উত্থাপন করা হয়েছে।
রবিবার জাতীয় সংসদে টেবিলে উত্থাপিত প্রশ্নোত্তর পর্বে আ খ ম জাহাঙ্গীর হোসাইনের প্রশ্নের জবাবে এ কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী।
তিনি বলেন, পাওনা আদায়ে বাংলাদেশ সরকারের দৃঢ় পদক্ষেপ রয়েছে। পাকিস্তানের কাছ থেকে ন্যায্য হিস্যা আদায়ের লক্ষ্যে বর্তমান সরকারের প্রয়াস অব্যাহত রয়েছে। এ লক্ষ্যে বর্তমান সরকার সম্ভাব্য সব কিছুই করবে।
১৯৭৪ সালের স্বাক্ষরিত ত্রিপক্ষীয় চুক্তির ১৩ অনুচ্ছেদ অনুযায়ী পাকিস্তান সরকার ১৯৫ জন পাকিস্তানী যুদ্ধাপরাধীর বিচার করবে এই মর্মে তাদের পাকিস্তানের কাছে হস্তান্তর করা হয়। কিন্তু পাকিস্তান সরকার আজও তাদের বিচার সম্পন্ন করেনি। সরকার জাতীয় স্বার্থ বিবেচনায় নিয়ে আন্তর্জাতিক সম্পর্ক মূল্যায়ন করে আসছে। পাকিস্তানের ক্ষেত্রেও তা প্রযোজ্য। বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে রাজনৈতিক, অর্থনৈতিক ও অন্য সব সম্পর্কের ক্ষেত্রে বাংলাদেশের  স্বার্থ সুরক্ষায় পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সংযোগ কী মাত্রায় থাকবে, তা নির্ধারণে পররাষ্ট্র মন্ত্রণালয় সব দিক বিবেচনায় রেখেছে এবং বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। বাংলাদেশ সবসময়ই সুপ্রতিবেশীসুলভ আচরণে বিশ্বাসী এবং সব প্রতিবেশী রাষ্ট্রের কাছ থেকেও একই আচরণ আশা করে।
পিএইচসি/এপিএইচ/

আরও পড়ুন:

প্রধানমন্ত্রী ক্ষোভ আড়াল করতে চাইছেন: বিএনপি

অভিজিৎ হত্যায় সন্দেহভাজন শরীফ ‘বন্দুকযুদ্ধে’ নিহত

রায় পুনর্বিবেচনার আবেদন মীর কাসেমের