মঙ্গলবার পরিবহন ধর্মঘটের ডাক

পরিবহন ধর্মঘটঅফিসের দখল ফেরত না পাওয়ায় মঙ্গলবার ভোর ছয়টা থেকে ১২ ঘণ্টার পরিবহন ধর্মঘট ডেকেছে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন। শ্রমিক ইউনিয়নের দফতর সম্পাদক শহীদ মিয়ার নামে সোমবার সন্ধ্যায় পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে ধর্মঘটের এ খবর দেওয়া হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সন্ত্রাসী-চাঁদাবাজরা অফিস দখল করে নেওয়ায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সংগঠনের সভাপতি আব্দুল ওদুদ নয়ন এবং সাধারণ সম্পাদক করম আলী।
তারা অবিলম্বে অফিস দখলমুক্ত করে ইউনিয়ন নেতৃবৃন্দের কাছে বুঝিয়ে দেওয়ার দাবি জানান। তা না হলে মঙ্গলবার (২১ জুন) সকাল থেকে সব গাড়ি বন্ধ থাকবে। তারা বলেন, যতক্ষণ পর্যন্ত প্রশাসন ইউনিয়ন কার্যালয় দখলমুক্ত করে বুঝিয়ে না দেবে, ততক্ষণ পর্যন্ত কোনও শ্রমিক গাড়ি চালাবে না।
শ্রমিক ইউনিয়নের এ ঘর্মঘটের প্রতি সমর্থন দিয়েছে বিপ্লবী সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন। সোমবার সন্ধ্যায় ফেডারেশনের সাধারণ সম্পাদক মো.আলী রেজা বাংলা ট্রিবিউনকে বলেন, শ্রমিকদের অফিস দখল করে নেওয়ার ঘটনা কোনওভাবেই মেনে নেওয়া যায় না।
সোমবার ভোররাতে ঢাকা জেলা শ্রমিক ইউনিয়নের ব্যানারে একদল শ্রমিক বঙ্গভবনের দক্ষিণে ৪৭/এ টয়েনবি সার্কুলার রোডে অবস্থিত বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের অফিস দখল করে নেয়।

প্রতিবাদে সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নেতাকর্মীরা সোমবার দুপুরে মেয়র হানিফ ফ্লাইওভার ও গুলিস্তান সংলগ্ন সড়কে এলোপাতারি গাড়ি রেখে অবরোধ সৃষ্টি করে। পরে পুলিশের হস্তক্ষেপে বেলা ২টায় অবরোধ তুলে নেওয়া হয়। আকস্মিক এ অবরোধে অসংখ্য মানুষকে সীমাহীন দুর্ভোগ পোহাতে হয়।

শ্রমিক নেতারা জানিয়েছেন, রাজধানীর সায়েদাবাদ, মহাখালী ও ফুলবাড়িয়া টার্মিনালে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের তৎপরতা রয়েছে। এ কারণে ধর্মঘট শুধু এসব টার্মিনালকেন্দ্রীক বাসগুলোতে হতে পারে। গাবতলী টার্মিনালে সক্রিয় রয়েছে অপর একটি শ্রমিক সংগঠন। 

ওএফ/এমএসএম /