গাজীপুরে জুয়াড়িদের হামলায় ৩ সাংবাদিক আহত

গাজীপুরে জুয়ার আসরের সংবাদ সংগ্রহ করতে গিয়ে জুয়াড়ি ও তাদের সহযোগীদের হামলায় টিভি চ্যানেলের তিন সাংবাদিক গুরুতর আহত হয়েছেন। আহতরা হলেন, আরটিভি’র গাজীপুরের স্টাফ রিপোর্টার আজহারুল হক, মোহনা টিভি’র গাজীপুর জেলা প্রতিনিধি আতিকুল ইসলাম আমিন ও গাজী টিভি’র গাজীপুর জেলা প্রতিনিধি আব্দুল্লাহ আল মামুন।     

আহতরা জানান, সদর উপজেলার বাঘের বাজারের শিরিরচালা এলাকায় শফিকুল ইসলাম ও রতন মেম্বারের নেতৃত্বে কয়েক প্রভাবশালী জুয়াড়ি দীর্ঘদিন ধরে হাউজি এবং যাত্রার নামে প্রকাশ্যে জুয়া ও নগ্ন নৃত্যের আসর চালিয়ে আসছিল। স্থানীয়রা এর প্রতিবাদ জানালেও কোনও প্রতিকার হয়নি।

সোমবার সন্ধ্যায় কয়েকটি টিভি চ্যানেলের স্থানীয় সাংবাদিকরা প্রতিবেদন তৈরির জন্য সংবাদ সংগ্রহ করতে সেখানে যান। এসময় তারা ছবি তুলতে গেলে শফিকুল ইসলাম ও তার লোকজন সাংবাদিকদের বাধা দিলে দু’পক্ষের মধ্যে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে শফিকুল ইসলামের নেতৃত্বে ২০/২৫ জন জুয়াড়ি ও তাদের সহযোগীরা রামদা, লোহার রড ও লাঠি সোটা নিয়ে হামলা করে এবং সাংবাদিকদের বেধড়ক মারধর করে। তিন সাংবাদিক গুরুতর আহত হন।

হামলাকারীরা সাংবাদিকদের কাছ থেকে ক্যামেরা, মোবাইল ও টাকা ছিনিয়ে নেয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়। তাদের অবস্থা গুরুতর হওয়ায় সেখান থেকে তাদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার রেজাইল হাসান রেজা ঘটনার সত্যতা স্বীকার করে জানান, এই ঘটনায় জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি।

 

/জেবি/এসটি/