গুপ্তহত্যায় শক্তিধর দেশগুলোকে দায়ী করলেন কৃষিমন্ত্রী

বাংলাদেশের সাম্প্রতিক গুপ্তহত্যার জন্যে শক্তিধর দেশগুলোকে দায়ী করেছেন কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী। শক্তিধর কোনও দেশের নাম উল্লেখ না করে তিনি বলেছেন, সেই একই শক্তি এবং দেশীয় ষড়যন্ত্রকারীরা মিলে জঙ্গি কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে, গুপ্ত হত্যায় মেতে উঠেছে। তিনি বলেন, এরা চোরকে বলে চুরি করতে আর গৃহস্থকে বলে সাবধান থাকতে। আমাদের দেশের চোরাগোপ্তা এই হত্যাকাণ্ড নিয়ে সময়ে-অসময়ে শক্তিধর এই সমস্ত দেশের আহাউহু’র সীমা নেই।

মতিয়া চৌধুরীবুধবার প্রস্তাবিত বাজেটের ওপর আলোচনায় অংশ নিয়ে শক্তিধর দেশগুলোর উদ্দেশ্যে আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের মন্ত্রী বলেন,শক্তিধর দেশগুলোকে দুটো কথা বলতে চাই। ওরা সর্প হইয়া দংশন করে, ওঝা হইয়া ঝাড়ে। তারা ওসামা বিন লাদেনকে পালাপোষা করে, আবার প্রয়োজন ফুরালে বডি ব্যাগ বানিয়ে সমুদ্রে ফেলে দেয়।
যুক্তরাষ্ট্রে নৈশ ক্লাবে হামলা এবং যুক্তরাজ্যে এমপি নিহত হওয়ার ঘটনার প্রতি ইঙ্গিত করে মতিয়া বলেন, বিশ্ববাসী দেখেছে এদের তৈরি সেই শক্তিধর  দেশগুলোতে একের পর এক জঙ্গি হামলায় গণ্ডায় গণ্ডায় মানুষতো বটেই পার্লামেন্ট মেম্বার পর্যন্ত নিহত হয়েছেন। কথায় বলে ’ঘুটে পোড়ে গোবর হাসে’ আমরা কিন্তু হাসি না, আমরা কষ্ট পাই।
তবে অবস্থাদৃষ্টে মনে হয়, বর্তমানে সবারই কপালে একটু ভাঁজ পড়েছে। বানরের লেজে আগুন দিয়ে ছেড়ে দিয়েছিলো অন্যের বাড়িতে আগুন লাগাতে। এখন সেই আগুন নিজেদের বাড়িতেও ছড়িয়ে পড়েছে। আমাদের সবার মনে রাখতে হবে-ব্যাধি সংক্রামক, সুস্থতা সাবধানতা সহকারে পরিচর্যার মাধ্যমে অর্জন করতে হয়।
মতিয়া এসময় জঙ্গিবাদবিরোধী ফতোয়ার জন্য আলেমদের ধন্যবাদ জানিয়ে বলেন, ফতোয়ার জন্য দস্তখত সংগ্রহেও বাধা দিয়েছিলো জঘন্য খুনি জঙ্গিরা। এই জঙ্গিদের কর্মকাণ্ডে সারা বিশ্বে শান্তির ধর্ম ইসলামে বিশ্বাসী মুসলমানদের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। আমাদের ব্যবসা-বাণিজ্য, চাকরির বাজার হুমকির সম্মুখীন হওয়ার আশংকা আছে।
এর আগে তিনি বলেন, ‘মহাজোট সরকারের বিশ্ব প্রশংসিত উন্নয়ন ও প্রবৃদ্ধির ধারাবাহিকতা নষ্ট করার জন্য জামায়াত-বিএনপি তথা জঙ্গি শক্তি চোরগোপ্তা হত্যায় মেতে উঠেছে। বিশ্বববাসী ভুলে যায়নি ২০০১ এর পর গোপাল কৃষ্ণ মুহুরীর মাথায় গুলিবিদ্ধ সেই ছবি, বাংলাদেশ ভুলে যায়নি বাঁশখালিতে গান পাউডার দিয়ে একটি পরিবারকে পুড়িয়ে মারার কথা।

আজ সেই একই বিএনপি-জামাত, মুসলিম বিশ্ব কর্তৃক ত্যাজ্য ইসরায়েলি রাষ্ট্রের গোয়েন্দা বাহিনী মোসাদের সঙ্গে মিলে ষড়যন্ত্রের মাধ্যমে চেষ্টা করছে বাংলাদেশে ত্রাস ও নৈরাজ্য কায়েম করতে।

বাজেটের ওপর আলোচনায় কৃষিমন্ত্রী মতিয়া সঞ্চয়পত্রে সুদের হারের ‘বৈষম্য’ কমানোর তাগিদ দেন।

অর্থমন্ত্রীর উদ্দেশে তিনি বলেন, সঞ্চয়পত্রের ক্ষেত্রে দেখা যায়, দুই ধরনের সুদের হার। সরকারি কর্মচারীরা পায় বেশি হারে সুদ। সাধারণ মানুষ পায় কম হারে সুদ। এটি কেন?

সমাজের বিভিন্ন গোষ্ঠীর মধ্যে এই বৈষম্য থাকা উচিত নয়। আর সঞ্চয়পত্রে সুদ হ্রাসই যদি আমাদের উদ্দেশ্য হয় তাহলে আমি সঞ্চয়পত্র ক্রয়কারীদের মধ্যে যারা বৃদ্ধ বা বৃদ্ধা তাদেরকে ‘বয়স্ক ভাতা’ দেওয়ার জন্য অর্থমন্ত্রীকে তাগিদ দেবো। কারণ এই স্তরের লাখ লাখ বৃদ্ধ/বৃদ্ধাদের প্রতি আমাদের দায়িত্ব আছে।

পিএইচসি/এপিএইচ/

আরও পড়ুন:

জঙ্গি ও সন্ত্রাসবাদকে প্রশ্রয় দেবো না: প্রধানমন্ত্রী

কাজী নাবিলের প্রশ্নের জবাবে-উপজেলা পর্যায়ে মিনি স্টেডিয়াম নির্মাণ প্রকল্প গ্রহণ করা হয়েছে: প্রধানমন্ত্রী