বিএনপি নেতা মাহবুবুর রহমান সড়ক দুর্ঘটনায় সস্ত্রীক আহত

মাহবুবুর রহমানবিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক সেনাপ্রধান লে. জেনা. (অব.) মাহবুবুর রহমান স্ত্রীসহ সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন। তাদেরকে দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্রে জানা যায়, শনিবার বিএনপি’র এই নেতা তার স্ত্রী নাগিনা মাহবুবসহ প্রাইভেটকারযোগে সৈয়দপুর বিমানবন্দরে যাচ্ছিলেন।পথিমধ্যে প্রাইভেটকারটি কাহারোল দশমাইল এলাকায় পৌঁছুলে একটি নসিমনের সঙ্গে ধাক্কা লেগে উল্টে যায়। এতে প্রাইভেটকারের ভেতরে থাকা মাহবুবুর রহমান ও তার স্ত্রী নাগিনা মাহবুব আহত হন। তাদেরকে দ্রুত দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটে ভর্তি করা হয়।
হাসপাতাল কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক একেএম আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ভর্তি করার সময়  মাহবুবুর রহমান অজ্ঞান অবস্থায় থাকলেও পরে তার জ্ঞান ফিরেছে। বর্তমানে তিনি ও তার স্ত্রী ভালো আছেন বলে জানান তিনি।
/এমএসএম/