মানবতাবিরোধী অপরাধে গাইবান্ধার জামায়াতের সাবেক সংসদ সদস্য আব্দুল আজিজ ওরফে ঘোড়ামারা আজিজসহ ৬ জনের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
মঙ্গলবার বিচারপতি আনোয়ারুল হকের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এ ছয়জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন। আগামী ২ আগস্ট এ মামলার সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করা হয়েছে। এ সময় ট্রাইব্যুনালে উপস্থিত ছিলেন প্রসিকিউটর সৈয়দ হায়দার আলী।
এ মামলার অন্য ৫ আসামি হলেন, মো. রুহুল আমিন ওরফে মঞ্জু (৬১), মো. আব্দুল লতিফ (৬১), আবু মুসলিম মোহাম্মদ আলী (৫৯), মো. নাজমুল হুদা (৬০) ও মো. আব্দুর রহিম মিঞা (৬২)। তাদের বিরুদ্ধে একাত্তরে হত্যা, নির্যাতন, অপহরণসহ মানবতাবিরোধী ৩ ধরনের অভিযোগ আনা হয়েছে।
গত বছর ২৩ নভেম্বর রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রিক্ষিতে ২৬ নভেম্বর ট্রাইব্যুনাল আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। পরে আসামিদের গ্রেফতার করা সম্ভব হয়নি বলে জানান আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
গত ২৭ ডিসেম্বর তাদের বিরুদ্ধে চূড়ান্ত তদন্ত প্রতিবেদন প্রকাশ করেন ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। ছয়জনের বিরুদ্ধে মোট ছয় খণ্ডে ৮৭৮ পৃষ্ঠার প্রতিবেদন প্রস্তুত করা হয়। মামলায় ২৫ সাক্ষী এবং জব্দ তালিকায় তিন জন মিলিয়ে মোট ২৮ জন সাক্ষী।
/ইউআই/এসটি/