রেস্টুরেন্টের ভেতরে মুহুর্মুহু গুলি ও গ্রেনেডের শব্দ

গুলশানের গোলাগুলির ঘটনায় আহত মাইক্রোবাস চালকরাজধানীর গুলশান-২-এর ৭৯ নম্বর সড়কের একটি রেস্টুরেন্টে সন্ত্রাসীদের সঙ্গে পুলিশের গোলাগুলির ঘটনা ঘটেছে। গুলশান ২ নম্বরের কাছে হলি আর্টিজান বেকারির ভেতরে শুক্রবার রাত ৯টার দিকে গোলাগুলি শুরু হয়। এ ঘটনায় কমপক্ষে দশ পুলিশ সদস্য আহত হয়েছেন।
ঘটনার প্রতক্ষ্যদর্শীরা জানান, কিছুক্ষণ পরপরই রেস্টুরেন্টের মধ্য থেকে গুলি ও গ্রেনেডের শব্দ পাওয়া যাচ্ছে। রেস্টুরেন্টের চারপাশে পুলিশ, র‌্যাব, বিজিবিসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অবস্থান নিয়েছেন। নিরাপত্তার কারণে পুরো এলাকার সড়কের গাড়ি চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।
হলি আর্টিজান বেকারি রেস্টুরেন্টের এক কর্মকর্তা সুমন জানান, হঠাৎ তিন-চারজনের একটি দল আল্লাহু আকবর ধ্বনি দিয়ে রেস্টুরেন্টে প্রবেশ করে। তারা ভেতরে থাকা সবাইকে জিম্মি করার চেষ্টা করলে ভেতরে দৌড়াদৌড়ি শুরু হয়। এ সময় সন্ত্রাসীরা এলোপাতাড়ি গুলি করা শুরু করে।
এই কর্মকর্তা আরও জানান, ভেতর থেকে মুহুর্মুহু গুলি চালানোর পাশাপাশি সন্ত্রাসীরা গ্রেনেডের বিস্ফোরণও ঘটনায়। পুলিশের পক্ষ থেকেও এ সময় পাল্টা গুলি চালানো হয়।
তবে রেস্টুরেন্টের মধ্যে কী ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে তা এখনও পরিষ্কার নয়। ভেতরে বেশ কয়েকজনকে জিম্মি করা হয়েছে বলেও জানা গেছে।
/এমও/এজে