গুলশান পরিস্থিতির সরাসরি সম্প্রচার বন্ধের অনুরোধ র‌্যাব ডিজির

র‌্যাব মহাপরিচালক বেনজির আহমেদগুলশানের একটি স্প্যানিশ রেস্টেুরেন্টে বিদেশিসহ বেশ কিছু লোক জিম্মিসহ সহিংসতার ঘটনা নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সর্বাত্মক চেষ্টা চালানোর কথা জানিয়ে র‌্যাব মহাপরিচালক গণমাধ্যমগুলোকে জাতীয় স্বার্থে সরাসরি সম্প্রচার করে ভীতি না ছড়াতে অনুরোধ করেছেন।

র‌্যাব ডিজি বলেন, ‘অনেকেই টিভি দেখছেন। জিম্মিদের মুক্ত করার স্বার্থে সরাসরি সম্প্রচার বন্ধ করুন। ক্রমাগত আপডেট জানানোর ক্ষেত্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দেওয়া তথ্যের ওপর নির্ভর করুন।’

কোনও রক্তক্ষয় না ঘটিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার স্বার্থে সরাসরি সম্প্রচার স্থগিত রেখে র‌্যাবকে সহযোগিতা করার আহ্বান জানান ডিজি। তিনি জানান, যেসব কর্মচারী বেরিয়ে এসেছেন ওই রেস্টুরেন্ট থেকে, তাদের সঙ্গে আমরা যোগাযোগ করেছি। 

উল্লেখ্য, রাত সোয়া ৯টা নাগাদ গুলশানের ২ এর ৭৯ নম্বর সড়কে একটি স্প্যানিশ রেস্টুরেন্টে দুর্বৃত্তদের একটি দল অন্তত কুড়িজন বিদেশি নাগরিকসহ দেশীয় নাগরিকদের অস্ত্রের মুখে জিম্মি করে রেখেছে। বিদেশিদের মধ্যে অন্তত চারজন জাপানের নাগরিক। বিষয়টি রেস্টুরেন্ট থেকে বেরিয়ে আসা কর্মচারীর কাছ থেকে জানতে পারে পুলিশ।

পুলিশের সঙ্গে গোলাগুলির ঘটনায় শেষ খবর পাওয়া পর্যন্ত গুরুতর আহত বনানী থানার ওসি সালাউদ্দিন ইউনাইটেড হাসপাতালে  রাত ১১টা নাগাদ চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। 

আরও পড়ুন: জিম্মি অবস্থা অবসানের চেষ্টা চলছে: র‌্যাব মহাপরিচালক

/এইচকে/