রাশিলা রহিম জানান, রাতে বাসা থেকে বের হতে গিয়ে জানতে পারেন সেখানে কোনও একটা গণ্ডগোল চলছে। বলেন, ‘আমাকে আমার ড্রাইভার বললেন, আপা আপনি এখন বের হইয়েন না, নিচে গোলাগুলি চলছে।
এরপর তিনি নিজেও বিস্ফোরণের শব্দ শুনতে পান জানিয়ে রাশিলা বলেন, তারপর দেখি আমার ড্রয়িং রুমের জানালার কাঁচে ফেটে গেল। তারপর থেকে অনবরত গুলির শব্দ শুনতে পাচ্ছি। ওই সময় আমার মেয়ে কান্নাকাটি শুরু করে। আমরা সবাই কান্নাকাটি শুরু করি। কারণ খুবই আতঙ্কজনক একটা পরিস্থিতি। রাত নয়টার পর থেকে অনবরত শব্দ শুনতে পাচ্ছি।
রাশিলা আরও জানান, একটু আগে আমি সাহস করে বেলকনিতে বেরিয়েছিলাম। দেখি প্রচুর পুলিশ। অনেকক্ষণ ধরেই কেবল দেখছি পুলিশ আর পুলিশের গাড়ির আওয়াজ। কিন্তু পরিস্থিতি আগের মতোই। আমার মনে হচ্ছে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে।
তিনি বলেন, রাত দশটার দিকে সেখানে মাইকিং করে পুলিশ যারা ভেতরে ছিল তাদের বাইরে বেরিয়ে আসতে বলছিল। এরপর আবার গোলাগুলি শুরু হয়।
রাজধানীর গুলশান-২-এর ৭৯ নম্বর সড়কের একটি রেস্টুরেন্টে সন্ত্রাসীদের সঙ্গে পুলিশের গোলাগুলির ঘটনা ঘটেছে। গুলশান ২ নম্বরের কাছে হলি আর্টিজান বেকারির ভেতরে গোলাগুলি শুরু হয়। রেস্টুরেন্টটি লেকভিউ ক্লিনিক ও নর্ডিক ক্লাবের কাছে অবস্থিত। এ ঘটনায় দুই পুলিশ সদস্যসহ ১০ আহত হয়েছেন। আহতদের মধ্যে ৫ জনের পরিচয় জানা গেছে। তারা হলেন ওসি সালাহউদ্দিন, এডিসি আহাদুল ইসলাম, পুলিশ কনস্টেবল প্রদীপ (২৮), পুলিশ কনস্টেবল আলমগীর (২৬) ও মাইক্রোবাস চালক আব্দুর রাজ্জাক (৩০)। এ সময় হোটেলের ভেতরে ৪ জন জাপানি নাগরিকসহ প্রায় ২০ জিম্মি হয়ে পড়েছেন। একই ভবনে ও কিচেন নামে আরেকটি রেস্টুরেন্ট আরও ৫ জনকে জিম্মি করা হয়েছে বলে জানিয়েছেন আইজিপি। শুক্রবার রাত সোয়া ৯টার দিকে এ ঘটনার সূত্রপাত ঘটে।
গুলশানের রেস্টেুরেস্টে জিম্মি অবস্থা অবসানের সর্বাত্মক চেষ্টা চালানো হচ্ছে বলে জানিয়েছেন র্যাব মহাপরিচালক বেনজির আহমেদ। তিনি রাত ১১টার দিকে জানান, একটি স্প্যানিশ রেস্টেুরেন্টের ভেতরে বিদেশিসহ বেশ কিছু লোক জিম্মি অবস্থায় রয়েছেন। তাদের অক্ষত অবস্থায় উদ্ধার করার স্বার্থে তিনি সবার সহযোগিতা চেয়েছেন।
র্যাব ডিজি ভেতরের পরিস্থিতি সম্পর্কে এখনও স্পষ্ট কিছু বলা যচ্ছে না বলে জানান। তিনি পুলিশের কাছ থেকে আপডেট নিয়ে সংবাদ মাধ্যমকে পরিবেশনের আহ্বান জানিয়ে বলেন, কোনও বিভ্রন্তির সৃষ্টি হলে পরিস্থিরি নিয়ন্ত্রণ জটিল হয়ে উঠতে পারে।
গুলশানের ৭৯ নম্বর সড়কে একটি স্প্যানিশ রেস্টুরেন্টকে ঘিরে গোলাগুলির ঘটনায় সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি র্যাব মহাপরিচালক বেনজির আহমেদ বলেন, অনেকেই টিভি দেখছেন, জাতীয় স্বার্থে ক্রমাগত আপডেট দেওয়া স্থগিত রেখে আমাদের দেওয়া আপডেটের জন্য অপেক্ষা করতে হবে।
ডিজি বলেন, আমরা বিপথগামীদের সঙ্গে কথা বলতে চাই। প্রতিটি প্রাণই আমাদের কাছে গুরুত্বপূর্ণ।
/এএ/এজে