এসি রবিউল ও ওসি সালাহউদ্দিনের লাশ ইউনাইটেড হাসপাতালে

এসি রবিউল এবং ওসি সালাহ উদ্দিন
রাজধানীর গুলশান-২ এর ৭৯ নম্বর সড়কের রেস্টুরেন্টে সন্ত্রাসীদের সঙ্গে পুলিশের গোলাগুলির ঘটনায় নিহত ডিবির এসি রবিউল ইসলাম ও বনানী থানার ওসি সালাহউদ্দিনের লাশ ইউনাইটেড হাসপাতালে রাখা রয়েছে। শুক্রবার রাতে সন্ত্রাসীদের গুলিতে আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান।

আইজিপির প্রটোকলে থাকা এএসআই ইসমাইল জানান, রাত সাড়ে দশটা থেকে এগারোটার মধ্যে তারা মারা যান। তাদের লাশ ইউনাইটেড হাসপাতালের জরুরি বিভাগের পাশে সাদা কাপড় দিয়ে ঢেকে রাখা হয়েছে। হাসপাতালটিও পুলিশ ঘেরাও করে রেখেছে। আইজিপি হাসপাতালের ভেতরেই রয়েছেন।

এছাড়া, ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার শেখ মারুফ হাসান বলেন, সন্ত্রাসীদের আক্রমণের পরপরই সালাউদ্দিনকে রক্তাক্ত অবস্থায় ইউনাইটেড হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে  মৃত ঘোষণা করেন।

এদিকে আরও বেশ কয়েকজন পুলিশ সদস্য ইউনাইটেড হাসপাতালে ভর্তি আছেন। রাত ১২টায় সালাহউদ্দিনের ভাগ্নে মিশু হাসান জানান, সালাহউদ্দিনের গলায় গুলি ও বোমার স্প্লিন্টার বিদ্ধ হয়েছে।

আরও পড়ুন: ওসি সালাহ উদ্দিন নিহত, আহত অর্ধশত

আরও পড়ুন: ‘কেবল গুলির শব্দ শুনছি’

আরও পড়ুন: জিম্মি ২০ বিদেশির চারজনই জাপানি!

/এমও/

আপ: এইচকে