বেঁচে নেই ইশরাত আখন্দ

বিজিএমইএ এর সাবেক মানবসম্পদ উপদেষ্টা ইশরাত আখন্দ বেঁচে নেই। শুক্রবার গুলশানের ৭৯ নম্বর সড়কে অবস্থিত হোলি আর্টিজান রেস্তোরাঁয় জঙ্গিদের হামলায় হতভাগ্য অনেকের সঙ্গে তিনিও নিহত হয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) এর পরিচালক লেফটেন্যান্ট কর্নেল রাশিদুল হাসান।

ইশরাত আখন্দ

এর আগে, শনিবার সকালে প্রথম সামাজিক যোগাযোগ মাধ্যমে জিম্মিদের মাঝে তার ঘনিষ্ঠ বন্ধু ইশরাত আখন্দ রয়েছেন বলে জানান ইশরাতের বন্ধু নাদিয়া ইসলাম। তার কিছুক্ষণ পরই তিনি ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে জানান, নিহতদের মধ্যে ইশরাতও রয়েছেন।

বাংলা ট্রিবিউনের সঙ্গে কথা বলার সময় নাদিয়া জানান, গত পরশুদিন সন্ধ্যায় ইশরাতের সঙ্গে আড্ডা দেওয়ার কথা ছিল। গতকাল সন্ধ্যায় ইশরাত তার দুই স্প্যানিশ বন্ধুকে নিয়ে ওই রেস্তোরাঁতে যান, এমনটাই জানতে পেরেছেন নাদিয়া। এরপর আর কিছু জানেন না। গণমাধ্যমগুলো যখন জানাচ্ছিল, কোনও বাংলাদেশি নিহতের ঘটনা ঘটেনি, তখনও আশায় বুক বেঁধেছেন নাদিয়া ও তার বন্ধুরা, হয়তো ইশরাত বেঁচে আছেন। আবার এও জানতে পারেন, ইশরাতের সঙ্গে দুই স্প্যানিশ বন্ধু ছিলেন বলে তাকেও হয়তো বিদেশি বলেই চিহ্নিত করা হয়েছে।

গুলশান হামলায় নিহত ২০ জনের পরিচয় পাওয়া গেছে। এদের মধ্যে ১৭ জন বিদেশি ও ৩ জন প্রবাসী বাংলাদেশি। বিদেশিদের মধ্যে ৯ জন ইতালীয়, ৭ জন জাপানি ও একজন ভারতীয়। নিহতদের  পারিবারিক সূত্র ও সংশ্লিষ্ট দূতাবাস এসব তথ্য নিশ্চিত করেছে। এদের মধ্যে জাপানি ৭ জনের পরিচয় এখনও পাওয়া যায়নি।

/এইচকে/

আরও পড়ুন: গুলশান হামলায় নিহতদের পরিচয় পাওয়া গেছে