ঈদ ও রথযাত্রায় নিরাপত্তা দেবে ৮২ হাজার ২৫২ স্বেচ্ছাসেবক দল

ঈদ জামাত-রথযাত্রাঈদ জামায়াত ও রথযাত্রা অনুষ্ঠান নির্বিঘ্ন করতে সারাদেশে ৮২ হাজার ২৫২টি স্বেচ্ছাসেবক দল দায়িত্ব পালন করবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ইতোমধ্যে সারাদেশে এই স্বেচ্ছাসেবক দল গড়ে তোলা হয়েছে বলে প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা গেছে।
জানা গেছে, ঈদ-উল ফিতর, ঈদ জামাত ও রথযাত্রা অনুষ্ঠান সুষ্ঠু ও নির্বিঘ্ন  করতে প্রধানমন্ত্রী দেশের সব জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসারকে নির্দেশনা দেন। এতে স্বেচ্ছাসেবক দলকে ঈদ জামাত ও রথযাত্রায় শৃঙ্খলা ও নিরাপত্তা রক্ষায় ভূমিকা পালনের কথা বলা হয়।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশনার আলোকে স্থানীয় প্রশাসন থেকে ঈদ জামাতের জন্য ৮১ হাজার ৩৫০টি ও রথযাত্রার জন্য ৯০২টি স্বেচ্ছাসবক দল গঠন করে তার তথ্য প্রধানমন্ত্রীর দফতরে পাঠানো হয়েছে।

এই তথ্য থেকে জানা গেছে, এবার সারাদেশে মোট ৮০ হাজার ৭৫৩টি ঈদ জামাত অনুষ্ঠিত হবে। ঢাকা বিভাগে ১৫ হাজার ২৩৮টি ঈদ জামাতের জন্য ১৫ হাজার ২৬০টি স্বেচ্ছাবেক দল, সিলেট বিভাগে ৫ হাজার ২৫৭টি ঈদ জামাতের জন্য ৫ হাজার ৮৩২টি স্বেচ্ছাসেবক দল গঠন করা হয়েছে। এছাড়া অন্য বিভাগগুলোতে ঈদ জামাতের সমান সংখ্যাক স্বেচ্ছাসেবক দল দায়িত্বে থাকবেন। অন্য বিভাগগুলোর মধ্যে ময়মনসিংহ বিভাগে তিন হাজার ৮৮১টি, চট্টগ্রাম বিভাগে ১৮ হাজার ২৮৩টি, রাজশাহী বিভাগে নয় হাজার ৪৭৩টি, রংপুর বিভাগে ৬ হাজার ৫৪৬টি, খুলনা বিভাগে ১১ হাজার ২২৯টি ও বরিশাল বিভাগে ১০ হাজার ৮৪৬টি ঈদ জামাত অনু্ষ্ঠিত হবে।

এদিকে, সিলেট বিভাগ বাদে প্রত্যোক বিভাগে রথযাত্রার সমান সংখ্যক স্বেচ্ছাসেবক দল গঠন করা হয়েছে। এবার ঢাকা বিভাগে ১৩৩টি, ময়মনসিংহ বিভাগে ২১টি, চট্টগ্রাম বিভাগে ১৮২টি, ‍রাজশাহী বিভাগে ৮১টি, রংপুর বিভাগে ৪৪টি, খুলনা বিভাগে ১৬৩টি ও বরিশাল বিভাগে ৬৩টি রথযাত্র অনুষ্ঠিত হবে। সিলেট বিভাগে ১৭৩টি রথযাত্রার জন্য স্বেচ্ছাসেবক দল গঠন হয়েছে ২১১টি।

প্রসঙ্গত, গুলশান হামলার বিষয়টি মাথায় নিয়ে সরকার ঈদ ও রথযাত্রা অনুষ্ঠান নির্বিঘ্ন করতে জরুরি ভিত্তিতে এই স্বেচ্ছাসেবক দল গঠনের সিদ্ধান্ত নিয়েছে।

/এমএনএইচ/