গুলশানের হলি আর্টিজান রেস্টুরেন্টে হামলার ঘটনায় আগামী ২৪ আগস্টের মধ্যে তদন্ত প্রতিবেদন দেওয়ার নির্দেশ দিয়েছেন ঢাকার মুখ্য মহানগর হাকিম (সিএমএম) আদালতের বিচারক স্নিগ্ধা রাণী চক্রবর্তী। বুধবার দুপুরে গুলশান হামলা মামলার নথি আদালতে উপস্থাপন করা হলে তিনি এ নির্দেশ দেন।
গত শুক্রবার রাতে হলি আর্টিজান রেস্টুরেন্টের হামলার ঘটনায় সোমবার রাত ১১ টার দিকে গুলশান থানায় সন্ত্রাস দমন আইনে একটি মামলা (নং-১, তাং ০৪-০৭-২০১৬) দায়ের করে পুলিশ। মামলায় নিহত পাঁচ জঙ্গিসহ অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি করা হয়। গুলশান থানা পুলিশের পাশাপাশি মামলাটির তদন্ত করছেন কাউন্টার টেররিজম ইউনিটের কর্মকর্তারা।
গত শুক্রবার রাতে গুলশান-২ এর ৭৯ নম্বর সড়কের হলি আর্টিজান বেকারিতে হামলা চালায় জঙ্গিরা। এতে ২ পুলিশ সদস্য, ১৭ বিদেশি নাগরিক ও তিন বাংলাদেশি নিহত হন। পরে সেনাবাহিনীর নেতৃত্বে পরিচালিত অভিযানে ছয় জঙ্গি নিহত হন বলে শনিবার সেনা সদরে এক সংবাদ সম্মেলনে জানানো হয়। অভিযানে জীবিত উদ্ধার করা হয় তিন বিদেশি নাগরিকসহ ১৩ জিম্মিকে। আটক করা হয় এক সন্দেহভাজন জঙ্গিকে।
নিহতদের মধ্যে নয়জন ইতালির, সাতজন জাপানি ও একজন ভারতের নাগরিক। বাকি তিনজন বাংলাদেশি, যাদের মধ্যে একজনের যুক্তরাষ্ট্রেরও নাগরিকত্ব ছিল। নিহত সাত জাপানির মধ্যে ছয়জনই মেট্রোরেল প্রকল্পের কাজে নিয়োজিত ছিলেন।
/জেইউ/ইউআই/টিএন/