নিবরাসের পরিবারের পক্ষ থেকে দেওয়া বিবৃতিতে বলা হয়, আমরা লজ্জিত ও ক্ষমাপ্রার্থী। আমাদের ছেলে নিবরাস সৎ, বিনয়ী ও শান্ত স্বভাবের ছেলে ছিল। সে প্রথমে নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ে পড়তো। সেখান থেকে উন্নত শিক্ষার জন্য মালয়েশিয়ার মোনাস বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়। ২০১৫ সালের অক্টোবর মাসে সে বাংলাদেশে আসে এবং ২০১৬ সালের ফেব্রুয়ারির ৩ তারিখে নিখোঁজ হয়। যাওয়ার সময় সে একটি চিরকুট লিখে যায়। তাতে বলে তার জন্য দোয়া করতে।চিরকুটে বলেছিল সে ফিরে আসবে।
আমরা দেশের গোয়েন্দা সংস্থাকে এ ব্যাপারে জানিয়েছিলাম। গত পাঁচ মাস সর্বাত্মক চেষ্টা চালিয়েও নিবরাসকে খুঁজে পাওয়া যায়নি। ফেসবুকে তাকে ফিরে আসার জন্য আমরা অনেক অনুনয়-বিনয় করি। কিন্তু সব চেষ্টাই ব্যর্থ হয়। অবশেষে গত ২ জুলাই গুলশানের হলি আর্টিজান বেকারির হামলায় সে জড়িত ছিল বলে আমরা জানতে পারি। আমাদের ছেলে এই হামলায় জড়িত বিষয়টি জানতে পেরে আমরা লজ্জিত, দুঃখিত এবং ক্ষমাপ্রার্থী।
বিবৃতিতে বলা হয়, আমরা বিশ্বাস করি যারা নিবরাসের মতো তরুণদের বিপথগামী করছে, তাদের প্রত্যেককে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গ্রেফতার করে কঠোর সাজা দেবে। সবশেষে আমরা আবারও ক্ষমা চাই, পুরোজাতি, দেশের মানুষ ও বিশ্ববাসীর কাছে।’
/ইউআই / এপিএইচ /
আরও পড়ুন:
গুলশান হামলায় নিহত জঙ্গি রোহানের বাবা: আমি ব্যর্থ পিতা, আমাকে ক্ষমা করুন