শিক্ষার্থী ১০ দিনের বেশি অনুপস্থিত থাকলে সরকারকে জানানোর নির্দেশ

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যে জঙ্গি সংশ্লিষ্টতার খবর পাওয়া যাচ্ছে তা উদ্বেগের বিষয়। সরকার এ বিষয়ে খোঁজ-খবর নিচ্ছে। কোনও শিক্ষার্থী শিক্ষা প্রতিষ্ঠানে ১০ দিনের বেশি অনুপস্থিত থাকলে সরকারকে তা জানাতে হবে।

রবিবার বেলা ১১টার দিকে সচিবালয়ে শিক্ষামন্ত্রী তার নিজ কক্ষে সাংবাদিকদের সঙ্গে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময়ের সময় এসব কথা বলেন।

বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের বিষয়েও খোঁজ নেওয়া হচ্ছে বলে জানান মন্ত্রী। সন্তান নিখোঁজ হলে থানায় জিডি করে রেডিও, টেলিভিশন, পত্র-পত্রিকার মাধ্যমে প্রচারের ব্যবস্থা নেওয়ার জন্য অভিভাবকদের প্রতি আহ্বান জানান মন্ত্রী।

তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিখোঁজ ব্যক্তিদের সন্ধান লাভে সর্বাত্মক চেষ্টা চালাবে। তবে অযথা কাউকে হয়রানি করা যাবে না বলেও তিনি সতর্ক করে দেন।

শিক্ষামন্ত্রী বলেন, স্বার্থান্বেষী কুচক্রী মহল শান্তির ধর্ম ইসলামের ভুল ব্যাখ্যা দিয়ে কোমলমতি শিক্ষার্থীদের একটি অংশকে বিভ্রান্ত করার ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। এ ধরনের ধর্মের লেবাসধারী রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রকারীদের প্রতিহত করতে শিক্ষামন্ত্রী ছাত্র-শিক্ষক, অভিভাবকসহ সবার প্রতি আহ্বান জানান তিনি।

মন্ত্রী বলেন, শিক্ষার্থীদের নিয়মিত লেখাপড়া নিশ্চিত করার পাশাপাশি শিক্ষক ও অভিভাবকসহ সংশ্লিষ্ট সবাইকে তাদের আচার-আচরণ, চলাফেরার প্রতি বিশেষভাবে লক্ষ্য রাখতে হবে। শিক্ষার্থীদের মধ্যে কারও গতিবিধি সন্দেহজনক মনে হলে তাকে পর্যবেক্ষণে রাখতে হবে। প্রয়োজনে আইনশৃঙ্খলা বাহিনীকে জানাতে হবে।

/এসআই/বিটি/এসটি/